সাশ্রয় নিউজ ডেস্ক★ মুম্বাই : বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia) ও অঙ্গদ বেদীর (Angad Bedi)-র বিয়ে শুরু থেকেই ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। প্রায় চুপিসারে গাঁটছড়া বাঁধলেও, তাঁদের সংসার নিয়ে আলোচনার ঝড় কম ওঠেনি। কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল এক বিশেষ বিষয় নিয়ে, বিয়ের মাত্র ছ’মাসের মাথায় মা হন নেহা। বিষয়টি নিয়ে একসময় বলিউড মহল থেকে সাধারণ দর্শক পর্যন্ত নানা রকম জল্পনা ও সমালোচনা চলেছিল। অবশেষে সেই বিতর্কের সরাসরি জবাব দিলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি নেহা ধুপিয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি অঙ্গদকে বিয়ে করার ছ’মাসের মধ্যে কন্যাসন্তানের জন্ম দিই। কীভাবে বিয়ের ছ’মাসের মধ্যে আমি মা হলাম, তা নিয়ে অনেক কথা হয়েছে। এখনও দেখি, কোনও অভিনেত্রী বিয়ের আগে গর্ভবতী হলে তাঁকে ঘিরে অযথা আলোচনা হয়। আমি অন্ততপক্ষে নীনা গুপ্তা (Neena Gupta) ও আলিয়া ভাট-এর (Alia Bhatt) মতো প্রতিভাবান অভিনেত্রীর সঙ্গে এক সারিতে রয়েছি। সত্যি বলতে, এটা বিরক্তিকর।’ অভিনেত্রীর এই খোলামেলা স্বীকারোক্তি ও প্রতিক্রিয়া অনেকের কাছে সাহসী পদক্ষেপ হিসেবে ধরা দিয়েছে। কারণ, বলিউডে এখনও বিয়ের আগে বা বিয়ের পরপরই গর্ভধারণ নিয়ে নিন্দার সুর শোনা যায়। নেহার মতে, সমাজ যতই আধুনিক হোক, মহিলাদের গর্ভধারণ, মাতৃত্বকালীন স্বাস্থ্য ও স্তন্যদুগ্ধ নিয়ে কুসংস্কার এখনো বদলায়নি। নেহা আরও বলেন, ‘মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বদ্ধমূল ধারণা এবার পাল্টানো দরকার। আমি চাই, এই বিষয়ে সচেতনতা তৈরি হোক। মানুষ যেন বোঝে যে মা হওয়ার বিষয়টি একেবারেই ব্যক্তিগত এবং স্বাভাবিক। এটাকে কখনওই কলঙ্ক হিসেবে দেখা উচিত নয়। যতই সমালোচনা হোক না কেন, আমি পিছিয়ে আসার পাত্রী নই। সমাজে পরিবর্তন আনতে হলে এ নিয়ে খোলাখুলি আলোচনা করতেই হবে।’
নেহা ধুপিয়ার এই বক্তব্যে আবারও উঠে এল বলিউডের দীর্ঘদিনের চর্চিত একটি ইস্যু। আগেও নীনা গুপ্তা বিয়ের আগে কন্যাসন্তান মাসাবা গুপ্তাকে (Masaba Gupta) জন্ম দিয়েছিলেন, তখনও তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সাম্প্রতিক সময়ে আলিয়া ভাট বিয়ের ক’য়েক মাসের মাথায় মা হয়ে ওঠায় তাঁকেও নানাভাবে সমালোচিত হতে হয়েছে। নেহা তাঁদের সঙ্গে নিজের অভিজ্ঞতা মেলালেন। এই প্রসঙ্গে সমালোচকরা এখন পর্যন্ত নতুন কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু, নেহার বক্তব্যে অনেক তরুণ প্রজন্ম সমর্থনের সুর তুলেছেন। তাঁদের মতে, মহিলাদের জীবন ও সিদ্ধান্ত নিয়ে বিচার করার অধিকার সমাজের নেই। একজন নারী কখন মা হবেন, সেটা তাঁর নিজের বিষয়। সমাজ যত দ্রুত এই বিষয়টি মেনে নেবে, ততই স্বাভাবিক হবে জীবনের গতি।
বলিউডে একাধিক বার দেখা গিয়েছে, তারকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল ও সমালোচনা সমানতালে চলে। নেহা ধুপিয়া যদিও শুরু থেকেই স্পষ্টভাষী, এবং ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দিতে কখনও পিছপা হননি। এবারও তিনি সেই ধারাই বজায় রাখলেন।এই ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে এল ভারতীয় সমাজে নারীর ব্যক্তিগত স্বাধীনতা ও মাতৃত্বের প্রশ্ন। নারী অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, মাতৃত্বকে ঘিরে সমাজে এখনও নানা ট্যাবু রয়ে গিয়েছে। অনেক সময় মহিলাদের গোপনে লড়াই করতে হয়, কারণ তাঁরা আশঙ্কা করেন, সমাজ তাঁদের সহজভাবে নেবে না। নেহা ধুপিয়ার মতো তারকারা এ বিষয়ে মুখ খুললে সাধারণ মহিলাদেরও সাহস বাড়ে।
উল্লেখ্য যে, নেহা বর্তমানে দুই সন্তানের মা। অভিনয়ের পাশাপাশি তিনি নানা ধরনের সামাজিক ইস্যু নিয়েও সরব হন। নেহার কথায়, ‘আমি চাই অন্য মহিলারা যেন বুঝতে পারেন, তাঁরা একা নন। গর্ভধারণ কিংবা মাতৃত্বের যাত্রা নিয়ে লজ্জা বা অপরাধবোধের কোনও জায়গা নেই। এটা উদযাপনের বিষয়।’ অভিনেত্রীর এই সাহসী মন্তব্য নতুন প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা বয়ে এনেছে। এখন দেখার বিষয়, সমাজে এই আলোচনা কতটা প্রভাব ফেলে ও কতটা পরিবর্তন আনতে পারে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Ranbir Kapoor Deepika relationship | রণবীরের এক বাক্যে ফাঁস দীপিকার ‘রাগী’ সত্তা, রাগে ফোন ভেঙে ফেলেন দীপিকা পাড়ুকোন




