Monsoon food safety | বর্ষায় এই পাঁচটি ফল খেলে বিপদ, বিশেষজ্ঞরা বলছেন সাবধান হোন

SHARE:

পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ : বর্ষার (Monsoon) দিনে জানলা দিয়ে টুপটাপ বৃষ্টি দেখতে যতই রোমান্টিক লাগুক না কেন, এই মৌসুম কিন্তু শরীরের জন্য নানান বিপদেরও সময়। বিশেষ করে খাবার-দাবার নিয়ে অসাবধানতা ডেকে আনতে পারে ভয়ঙ্কর ব্যাক্টেরিয়াল সংক্রমণ। সংক্রামক রোগ বিশেষজ্ঞ রেজিনা বার্বা (Regina Barba) জানিয়েছেন, বর্ষাকালে স্যাঁতসেঁতে পরিবেশে ব্যাক্টেরিয়া, ফাঙ্গাস ও নানা পরজীবীর বৃদ্ধি হয় সবচেয়ে বেশি। তাই এই সময়ে ফল খাওয়ার আগে বিশেষ সতর্কতা প্রয়োজন। রেজিনা বার্বা (Regina Barba) বলেন, “বর্ষাকালে ফলমূল খুব ভালো করে না ধুয়ে খেলে তার সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে ই-কলাই (E.coli), সালমোনেলা (Salmonella)-র মতো ব্যাক্টেরিয়া। এর ফলে হতে পারে ফুড পয়জনিং, ডায়েরিয়া এমনকি কলেরার মতো গুরুতর রোগও।” তাই বর্ষাকালে কিছু ফল এড়িয়ে চলাই ভাল। জেনে নিন কোন পাঁচটি ফল এই মৌসুমে না খাওয়াই ভাল।

প্রথমেই আছে আনারস (Pineapple)। আনারসের মধ্যে রয়েছে ভিটামিন সি ও ব্রোমেলাইন। বর্ষাকালে আনারস খেলে তা গলায় অস্বস্তি, সর্দি-কাশি ও ঠান্ডার সমস্যা তৈরি করতে পারে। যাদের এলার্জির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আনারস আরও বেশি ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন ডাঃ বার্বা।

ছবি : সংগৃহীত

দ্বিতীয় ফলটি তরমুজ (Watermelon)। তরমুজে জলের পরিমাণ অত্যন্ত বেশি। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় তরমুজে ব্যাক্টেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে বেশি। রেজিনা বার্বা (Regina Barba) বলেন, “তরমুজ খুব দ্রুত অক্সিডাইজড হয়, যা পাকস্থলীর ক্ষতি করতে পারে। ফলে বর্ষায় তরমুজ না খাওয়াই বুদ্ধিমানের কাজ।” তৃতীয় স্থানে রয়েছে আঙুর (Grapes)। বর্ষায় আঙুরে ছত্রাক ধরার প্রবণতা থাকে। এছাড়া এর গায়ে মাটি, ধুলো ও কীটনাশকের আবরণ লেগে থাকতে পারে। বার্বা বলছেন, “আঙুর খাওয়ার আগে ভাল করে ধুতে হবে। না হলে পাকস্থলীতে সংক্রমণ হতে পারে, যা থেকে ফুড পয়জনিংও হতে পারে।”

চতুর্থ ফলটি আম (Mango)। যদিও আম গ্রীষ্মের ফল, তবু বর্ষাকালেও বাজারে আম পাওয়া যায় এবং অনেকেই খান। তবে রেজিনা বার্বা (Regina Barba) জানাচ্ছেন, বর্ষাকালে আম খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তার কথায়, “বর্ষাকালের গুমোট আবহাওয়ায় বেশি আম খেলে ত্বকে র‍্যাশ, ফোড়া বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।” পঞ্চম ও শেষ ফল কলা (Banana)। কলা বর্ষাকালে দ্রুত পচে যায় ও ওই কলার গন্ধে পোকামাকড় খুব সহজে আকৃষ্ট হয়। ফলে তাতে ব্যাক্টেরিয়া জন্মানোর ঝুঁকি থাকে। তাই এই সময়ে কলা খেলে তা একেবারে টাটকা অবস্থায় খাওয়া উচিত। বেশি সময় ফেলে রাখা কলা খেলে ফুড পয়জনিং হতে পারে।সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, “বর্ষাকালে এমনিতেই ব্যাক্টেরিয়ার প্রভাব বেশি থাকে। তাই ফল খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়া এবং কিছু ফল এড়িয়ে চলা স্বাস্থ্যের পক্ষে শ্রেয়।” তাই বর্ষার আনন্দ উপভোগ করুন ঠিকই, তবে নিজের স্বাস্থ্য নিয়ে থাকুন সচেতন।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Skin Care | Shahnaz Husain : এক রাতেই জেল্লা নয় ত্বকের যত্নে চাই নিয়মিত পরিচর্যা, বলছেন শাহনাজ় হুসেন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন