MGNREGA Name Change Pujya Bapu Grameen Rozgar Guarantee | মনরেগার নতুন নাম ঘোষণা: কাজের দিন বাড়িয়ে গরিবের আয় বৃদ্ধি, কেন্দ্রের বড় সিদ্ধান্তে নয়া রাজনৈতিক জল্পনা

SHARE:

গত কয়েক বছর ধরেই মনরেগা নিয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সংঘাত তুঙ্গে। বকেয়া অর্থ, দুর্নীতি, নিরীক্ষা রিপোর্ট, নানা অভিযোগে কেন্দ্র বহুবার টাকা আটকে দিয়েছে, আবার আদালতের নির্দেশে বেশ কয়েকবার তা ছাড়তে বাধ্যও হয়েছে। কলকাতা হাইকোর্ট একাধিকবার নির্দেশ দিয়েছে ১০০ দিনের কাজ পুনরায় চালু রাখা এবং বকেয়া মেটানোর বিষয়ে।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি: দেশের দরিদ্র ও গ্রামীণ শ্রমিকদের জন্য অন্যতম বড় ভরসা ছিল মনরেগা (MGNREGA)। এবার সেই প্রকল্পই পেল নতুন পরিচয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে মনরেগার নাম বদলে রাখা হল ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি (Pujya Bapu Grameen Rozgar Guarantee)’। শুধু নাম নয়, বাড়ানো হল কাজের দিনের সংখ্যাও। আগে যেখানে বছরে ন্যূনতম ১০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হতো, এবার তা বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। অর্থাৎ গ্রামীণ কর্মীদের জন্য বছরে আরও ২৫ দিন ন্যূনতম রোজগারের নিশ্চয়তা। প্রতিদিন দেওয়া হবে কমপক্ষে ২৪০ টাকা, যা শ্রমিকদের বার্ষিক আয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে বলে মত ওয়াকিবহাল মহলের।

কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি, গ্রামে স্থায়ী আয়ের সুযোগ বাড়ানোই এই নাম পরিবর্তন ও প্রকল্প পুনর্গঠনের আসল উদ্দেশ্য। তবে শুধু অর্থনৈতিক নয়, এই সিদ্ধান্তকে ঘিরে উঠছে জোর রাজনীতি। কারণ প্রকল্পের নাম পরিবর্তন এখন আর নতুন ঘটনা নয়। সাম্প্রতিক কয়েক বছরে কেন্দ্রীয় প্রশাসনে একাধিক প্রতিষ্ঠানের নাম পাল্টানো হয়েছে। ঔপনিবেশিক পরিচয়ের দাগ মুছতেই ‘রাজভবন’ হয়েছে ‘লোকভবন’। ‘রাজ্যপাল’ হয়েছেন ‘লোকপাল’। দেশের অতি পরিচিত প্রধানমন্ত্রী অফিস (PMO) -এর নাম বদলে করা হয়েছে ‘সেবা তীর্থ (Seva Tirtha)’। ঠিক একইভাবে নতুন নাম পেয়েছে ‘রাজপথ’, যা এখন ‘কর্তব্যপথ’। ‘রেস কোর্স রোড’ হয়েছে ‘লোক কল্যাণ মার্গ’। এবার সেই ধারাতেই মনরেগার নাম পাল্টানোয় প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রশাসনিক সংস্কার, নাকি রয়েছে গভীর রাজনৈতিক বার্তা? কেন্দ্রীয় একজন মন্ত্রীর কথায়, “গরিব মানুষের রোজগারই আমাদের প্রথম কাজ। ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’ নামটি মহাত্মা গান্ধীর দর্শনের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত। দেশের গ্রামীণ উন্নয়নকে নতুন গতি দিতেই এই সিদ্ধান্ত।” তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিদ্ধান্তের নেপথ্যে শুধুই ‘গরিবকল্যাণ’ নয়, রয়েছে আরও কিছু কারণ।

আরও পড়ুন : New Labour Code 2025 | নতুন শ্রম আইনে কি কমবে হাতে পাওয়া বেতন? কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের স্পষ্ট বার্তা ‘টেক-হোম স্যালারিতে কোনও কোপ নেই’

গত কয়েক বছর ধরেই মনরেগা নিয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সংঘাত তুঙ্গে। বকেয়া অর্থ, দুর্নীতি, নিরীক্ষা রিপোর্ট, নানা অভিযোগে কেন্দ্র বহুবার টাকা আটকে দিয়েছে, আবার আদালতের নির্দেশে বেশ কয়েকবার তা ছাড়তে বাধ্যও হয়েছে। কলকাতা হাইকোর্ট একাধিকবার নির্দেশ দিয়েছে ১০০ দিনের কাজ পুনরায় চালু রাখা এবং বকেয়া মেটানোর বিষয়ে। এমনকী বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত পৌঁছে গিয়েছিল কেন্দ্র। কিন্তু সেখানেও কেন্দ্র তেমন সুবিধা করতে পারেনি। এই দ্বন্দ্বে মনরেগা যেন কেন্দ্রীয় সরকারের কাছে ‘চাপের’ প্রকল্পে পরিণত হয়েছিল। ওয়াকিবহাল মহলের মতে, সেই বিতর্কের ছাপ মুছতেই নাম পরিবর্তনের পথে হাঁটল সরকার। অনেকের মতে, নাম পরিবর্তনে পূর্বের অভিযোগের রাজনৈতিক ছায়া কমে যাবে। সেই সঙ্গে নতুন নামের সঙ্গে নতুন ভাবমূর্তি গড়ে তোলাই মূল উদ্দেশ্য।

অন্যদিকে, বিরোধীরা প্রশ্ন তুলছেন, নাম বদলে কি প্রকৃত সমস্যার সমাধান হবে? তাদের বক্তব্য, গ্রামীণ রোজগারের বরাদ্দ কমেছে, মজুরি বেড়েছে সামান্য, অথচ প্রকল্পের কাজের মান ও অর্থপ্রবাহ এখনও অনিশ্চিত। বিরোধী এক নেতার কথায়, “নাম পাল্টানোয় পেট ভরে না। কাজ চাই, টাকা চাই। কেন্দ্র শুধু নাম পাল্টে দায় সারে।” তবে কেন্দ্রীয় সরকার মনে করছে, নতুন নাম ও বাড়তি কাজের দিন গ্রামাঞ্চলে সুখবর বয়ে আনবে। সরকারের যুক্তি, অর্থনীতির নিম্নস্তরের মানুষদের হাতে বেশি টাকা গেলে বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।

উল্লেখ্য মনরেগার নাম পরিবর্তনকে ঘিরে দেশজুড়ে উঠেছে আলোচনা। কেউ বলছেন এটি কেন্দ্রের ‘গরিব কল্যাণে বড় পদক্ষেপ’, কেউ বলছেন ‘রাজনৈতিক ইমেজ মেরামত’। তবে যে দিকটি স্পষ্ট, গ্রামীণ কর্মীদের জন্য বাড়তি কাজের সুযোগ ও আয় বৃদ্ধি দেশের অর্থনৈতিক প্রবাহকে বাড়িয়ে তুলতে পারে। এখন দেখার, নতুন নামে এই পুরনো প্রকল্প বাস্তবে কতটা কার্যকরী হয় এবং গ্রামীণ শ্রমিকদের জীবনে বাস্তবিক পরিবর্তন আনে কি না।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : West Bengal voter list 2025 | এসআইআর আপডেটে বড় ঘোষণা: পশ্চিমবঙ্গে ১০০% এনুমারেশন ফর্ম বিলি সম্পন্ন, খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর- নাম দেখবেন কীভাবে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন