Malaika Arora interview, Bollywood power couple | বিচ্ছেদের পরেও অটুট সম্মান ও পরিণত বোঝাপড়া, অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মালাইকা

SHARE:

মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডের সম্পর্ক মানেই আলোচনার কেন্দ্রে থাকা। প্রেম, বিচ্ছেদ, মান-অভিমান সব কিছুর দিকেই থাকে নেটাগরিকদের তীক্ষ্ণ নজর। সেই তালিকায় বহুদিন ধরেই রয়েছে অভিনেত্রী ও মডেল মালাইকা আরোরা (Malaika Arora) এবং অভিনেতা অর্জুন কপূর (Arjun Kapoor) -এর নাম। একসময়ে যাঁদের বলা হতো বলিউডের ‘পাওয়ার কাপল’, তাঁদের সম্পর্কে ২০২৪ সালে ছেদ পড়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা জল্পনা। তবে বিচ্ছেদের পরেও যে সম্পর্কের সমস্ত সুতো ছিঁড়ে যায়নি, বরং পরিণত বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে, তা নিজেই স্পষ্ট করে দিলেন মালাইকা।সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে বর্তমান সমীকরণ নিয়ে মুখ খুলেছেন মালাইকা। তাঁর কথায় উঠে এসেছে সময়, মানসিক পরিণতি এবং সম্পর্কের গভীরতার বিষয়টি। অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, ক্রোধ, আঘাত বা হতাশা এই অনুভূতিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা শুধু আমার বা অর্জুনের ক্ষেত্রে নয়, প্রত্যেক মানুষের জীবনেই এমন সময় আসে। আমরা সবাই মানুষ, তাই আবেগের ওঠানামা থাকবেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষত সেরে ওঠে। সময়ই শেষ পর্যন্ত সব কিছু ঠিক করে দেয়।’ এই বক্তব্য থেকেই স্পষ্ট, বিচ্ছেদ মানেই তিক্ততা নয় কখনও কখনও তা দু’জন মানুষকে আরও বাস্তববাদী করে তোলে।

মালাইকা আরোরা ও অর্জুন কপূর। ছবি : সংগৃহীত

মালাইকা ও অর্জুনের সম্পর্কের ইতিহাসও কম আলোচিত নয়। বয়সের ব্যবধান নিয়ে সমালোচনা, সমাজমাধ্যমে কটাক্ষ সমস্ত কিছুর মধ্যেও প্রায় ছয় বছর ধরে তাঁরা একসঙ্গে ছিলেন।

আরও পড়ুন : Malaika Arora Boyfriend, Malaika Arora Harsh Mehta | অর্জুন কাপুর অতীত! ১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নতুন প্রেমে ৫২ বছরের মালাইকা অরোরা, এয়ারপোর্টে ধরা পড়তেই গুঞ্জনে সরগরম বলিউড

একাধিক অনুষ্ঠানে, পার্টিতে, এমনকি পারিবারিক মুহূর্তেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তাই হঠাৎ বিচ্ছেদের খবর স্বাভাবিক ভাবেই চমকে দিয়েছিল অনুরাগীদের। তবে বিচ্ছেদের পরেও যে পারস্পরিক শ্রদ্ধা অটুট রয়েছে, তার প্রমাণ মিলেছিল মালাইকার বাবার মৃত্যুর সময়। সেই কঠিন সময়ে পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন অর্জুন। সেই ঘটনাকে কেন্দ্র করেও নতুন করে শুরু হয় আলোচনা তাঁদের সম্পর্ক কী আদৌ শেষ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মালাইকা বলেন, ‘আলাদা হয়ে যাওয়ার পরেও আসলে খুব বেশি কিছু বদলায়নি। যা-ই হোক না কেন, অর্জুন আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং থাকবে। এটা অস্বীকার করার জায়গা নেই।’ তবে একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে অতীত বা ভবিষ্যৎ নিয়ে অযথা আলোচনায় তিনি আগ্রহী নন। তাঁর কথায়, ‘আমি আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও নয়। ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে অনেক লেখা হয়েছে।’ এই বক্তব্যেই যেন ইঙ্গিত, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকারণ জল্পনা তিনি আর বাড়াতে চান না।

মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত

শুধু সম্পর্ক নয়, জীবন ও বিয়ে নিয়েও নিজের অভিজ্ঞতার কথা অকপটে ভাগ করে নিয়েছেন মালাইকা। সম্প্রতি আর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কম বয়সে বিয়ে করাটা তাঁর জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত। মালাইকার মতে, ‘খুব কম বয়সে বিয়ে করার মতো ভুল আর কিছু হয় না। জীবনকে উপভোগ করা উচিত। নিজেকে গড়ে তোলার সময়টা খুব গুরুত্বপূর্ণ।’ যদিও তিনি এটাও স্বীকার করেছেন যে অল্প বয়সে মা হতে পারার অভিজ্ঞতা তাঁর জীবনের একটি সুন্দর অধ্যায়। তাঁর ভাষায়, ‘আমি খুব তাড়াতাড়ি সন্তানের মা হতে পেরেছি, এটা নিঃসন্দেহে ভাল একটা দিক। কিন্তু তার মানে এই নয় যে বিয়েই জীবনের সব কিছু।’

আরও পড়ুন : Priyanka Chopra Golden Globe | জর্জ ক্লুনি-জুলিয়া রবার্টসদের সঙ্গে একই সারিতে প্রিয়াঙ্কা চোপড়া, গোল্ডেন গ্লোব ঘিরে উন্মাদনা

এই বক্তব্যের মালাইকা যেন আজকের প্রজন্মের উদ্দেশ্যে পরিষ্কার মেসেজ দিয়েছেন যে, নিজের পায়ের তলার মাটি শক্ত করা সবচেয়ে জরুরি। সম্পর্ক, বিয়ে, সংসার সবই জীবনের অংশ, কিন্তু সেগুলোই জীবনের শেষ কথা নয়। নিজের স্বপ্ন, নিজের পরিচয় তৈরি করাটাই আসল। বিচ্ছেদ, ব্যর্থতা বা ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা নেওয়া যায়, যদি মানুষ নিজেকে বোঝার মতো পরিণত হয়। উল্লেখ্য, অর্জুন কপূরের সঙ্গে মালাইকা অরোরার বর্তমান সমীকরণ কোনও রূপকথার প্রেমের গল্প নয়, আবার তিক্ত বিচ্ছেদের গল্পও নয়। এটি দুই পরিণত মানুষের সম্পর্কের এক বাস্তব ছবি, যেখানে অতীতের স্মৃতি আছে, সম্মান আছে, কিন্তু অযথা নাটক নেই। বলিউডের চকচকে দুনিয়ায় দাঁড়িয়েও এই সংযত ও বাস্তব দৃষ্টিভঙ্গিই হয়তো মালাইকার জীবনের সবচেয়ে বড় অর্জন।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : The 50 Reality Show: Will Arbaaz-Malaika & Hardik-Natasa Reunite? | দ্য ৫০ রিয়্যালিটি শো: আরবাজ়-মালাইকা ও হার্দিক-নাতাশা কি ফিরছেন?

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন