Lionel Messi last Argentina match | মাঠের ভেতরে কাঁদলেন মেসি, কাঁদালেন মেসি

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম যেন শুক্রবার ভেসে গিয়েছিল এক অনন্য আবেগে। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi) দেশের মাটিতে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে নামলেন বিশ্বকাপ বাছাই পর্বে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ জুড়ে শুধু ফুটবল নয়, ছিল ইতিহাসের সাক্ষী হওয়ার এক রোমাঞ্চ। ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে মেসি জানিয়ে দিয়েছিলেন, এটাই আর্জেন্টিনার মাটিতে তাঁর শেষ প্রতিযোগিতামূলক খেলা। সেই ঘোষণার পর থেকেই গোটা দেশ এক আবেগঘন মুহূর্তের জন্য অপেক্ষা করছিল।

খেলার আগে সন্তানদের হাত ধরে মাঠে নামলেন মেসি। ৮০ হাজারেরও বেশি দর্শকে ভরা গ্যালারি তখন করতালিতে ফেটে পড়ে। অনেকেই চোখের জল লুকোতে পারেননি, মেসিও না। “এটা আমার জন্য ভীষণ বিশেষ এক ম্যাচ,” ম্যাচ শেষে বললেন তিনি। “কারণ এটা আমার শেষ বাছাই পর্বের ম্যাচ। সামনে ফ্রেন্ডলি বা অন্য কোনও খেলা হবে কি না জানি না। তবে আজ আমার পরিবার ছিল পাশে—স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন, সবাই। এটাই সবথেকে বড় উপহার।” ম্যাচে কিন্তু বয়স একেবারেই বাধা হয়ে দাঁড়ায়নি। ৩৮ বছরের মেসি যেন আবারও প্রমাণ করলেন তিনি এখনও ‘ফুটবলের রাজপুত্র’। জোড়া গোল করে প্রতিপক্ষ ভেনেজুয়েলাকে (Venezuela) কাঁদালেন তিনি। প্রথমার্ধের ৩৯ মিনিটে জুলিয়ান আলভারেজ (Julian Alvarez)-এর পাস থেকে বাঁ-পায়ের সূক্ষ্ম টোকায় বল জালে জড়ান অধিনায়ক। মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়াম জুড়ে ধ্বনিত হতে থাকে—“মেসি… মেসি…”। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আক্রমণ আরও তীব্র হয়। ৭৬ মিনিটে নিকো গনজালেসের (Nico Gonzalez) ক্রস থেকে লাউতারো মার্টিনেজ (Lautaro Martinez) ডাইভিং হেডারে ব্যবধান দ্বিগুণ করেন। মাত্র চার মিনিট পর থিয়াগো আলমাদার (Thiago Almada) মুভ শেষ করে মেসি তাঁর দ্বিতীয় গোলটি করেন।

এই জয়ের ফলে ৩৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল আর্জেন্টিনা। তাদের শেষ ম্যাচ ইকুয়েডরের (Ecuador) মাঠে। অন্যদিকে ভেনেজুয়েলা নিজেদের বাঁচানোর লড়াই চালিয়ে যাবে কলম্বিয়ার (Colombia) বিপক্ষে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা সবাই জানতাম আজকের দিনটা আবেগঘন হতে চলেছে। তরুণ খেলোয়াড়রা আছে, তবে জাতীয় দলের ইতিহাসে মেসি অনন্য। তাঁর উপস্থিতি শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও আমাদের শক্তি দেয়।” উল্লেখ্য, পুরো ম্যাচজুড়ে সতীর্থরা যেন বারবার বল খুঁজছিলেন মেসিকে। গোটা দলের চেষ্টা ছিল তিনি যেন গোল পকেটে নিয়ে মাঠ ছাড়েন। ৯০ মিনিট জুড়ে দাপট দেখালেন আর্জেন্টিনা, যেন এক আবেগঘন বিদায়ী উৎসব।

কনমেবল (CONMEBOL) ম্যাচের আগে সামাজিক মাধ্যমে মেসির ছবি শেয়ার করে লিখেছিল, “The Last Dance is Coming।” সেটাই যেন সত্যি হলো শুক্রবার রাতে। চোখের জল, করতালি আর ইতিহাসের মিশেলে তৈরি হলো এক অবিস্মরণীয় অধ্যায়। এবারের জয়ে আগামী বছরের নর্থ আমেরিকায় (North America) অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ভক্তদের কাছে এই রাত শুধু এক ম্যাচ নয়, এক অধ্যায়ের সমাপ্তি। লিওনেল মেসির দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক খেলা তাই স্মৃতিতে রয়ে যাবে চিরকাল।

ছবি : সংগৃহীত 
আরও পড়ুন : Lionel Messi retirement 2025 | ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক মঞ্চে হয়তো শেষবার দেখা যাবে লিয়োনেল মেসিকে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন