Jamie Lever casting couch news | বলিউডে অডিশনের নামে অপমান! জনি লিভার-কন্যা জেমি-কে ‘উলঙ্গ হওয়ার’ প্রস্তাব পরিচালকের

SHARE:

শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ সাশ্রয় নিউজ, মুম্বাই : জনপ্রিয় অভিনেতা জনি লিভার-এর কন্যা জেমি লিভার (Jamie Lever) ছোটবেলা থেকেই শুনে এসেছেন, তিনি নাকি ‘সুন্দর নন’। কখনও গায়ের রঙ নিয়ে, কখনও শারীরিক গঠন নিয়ে শুনতে হয়েছে নানা কটুক্তি। তবে এই অভিজ্ঞতাগুলির থেকেও বেশি ভয়াবহ এক ঘটনা আজও তাঁকে তাড়া করে ফেরে। সম্প্রতি সেই অন্ধকার অভিজ্ঞতার কথা ফাঁস করেছেন জেমি নিজেই।

কী সেই অভিজ্ঞতা! একটি সাক্ষাৎকারে জেমি জানিয়েছেন, বলিউডে একটি অডিশনের জন্য তাঁকে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, যা শুনে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তখন তাঁর কোনও ম্যানেজার ছিল না। এক কাস্টিং এজেন্ট সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এজেন্ট জানান, একটি আন্তর্জাতিক মানের সিনেমার জন্য কাস্ট করা হচ্ছে। পরিচালক নাকি ভিডিও কলে অডিশন নেবেন। জেমিকে বলা হয়, অডিশনের আগে কোনও স্ক্রিপ্ট দেওয়া হবে না, কারণ চরিত্রে ইম্প্রোভাইজেশন দরকার। জেমির কথায়, ‘‘ওরা আমাকে একটা লিঙ্ক পাঠিয়ে কলের জন্য বলেছিল। আমি লিঙ্কে জয়েন করতেই দেখি, পরিচালক ভিডিও বন্ধ করে রেখেছেন। বললেন, তিনি এখন ট্রানজ়িটে, তাই ক্যামেরা চালু করতে পারবেন না।’’ কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর আচমকাই শুরু হয় অস্বস্তিকর নির্দেশ। জেমি বলেন, ‘‘পরিচালক বলেন, এই চরিত্র কোনও কমিক নয়। এটা এক সাহসী মেয়ের চরিত্র। তারপর বলেন, তুমি কল্পনা করো, তোমার সামনে একজন ৫০ বছর বয়সি পুরুষ আছে। তুমি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছ। শেষে এমন একটি দৃশ্য, যেখানে তোমাকে পোশাক খুলতে হবে।’’ এই কথা শুনেই তীব্র প্রতিবাদ জানান জেমি। তিনি স্পষ্টভাবে বলেন, ‘‘আমি ওনাকে জানাই, ভিডিও কলে যদি আমাকে উলঙ্গ হতে হয়, তা হলে আমি একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমাকে আগে বলা হয়নি। এমন কিছু করতে আমি রাজি নই। এই পরিস্থিতিতে আপনার সঙ্গে আর কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’’

তারকা কন্যা হলেও তাঁকে এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এই ঘটনার পর জেমির মনে ভয় তৈরি হয়, যদি তিনি কাজ হারান? তবে নিজের সম্মান বাঁচানোই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা তিনি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করেন। জেমি বলেন, ‘‘আমি জানতাম, আমি না বললে হয়ত কাজটা হারাব। তবুও আমার আত্মসম্মান বাঁচানো বেশি জরুরি ছিল।’’ প্রসঙ্গত, বলিউডে ‘কাউচ কাস্টিং’ নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। কিন্তু এখনও থেমে নেই এই ধরনের লজ্জাজনক প্রস্তাব। জেমির এই অভিজ্ঞতা ফের প্রমাণ করল, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে মেয়েদের কতখানি মানসিক চাপ ও যৌন হয়রানির শিকার হতে হয়। জনি লিভার (Johnny Lever)-এর মতো তারকা বাবার মেয়ে হয়েও রেহাই পাননি জেমি (Jamie Lever)। বরং নিজেকে বাঁচাতে তাঁকেই লড়তে হয়েছে একা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বলিউডে ফের শোরগোল। অনেকেই বলছেন, এখনও ইন্ডাস্ট্রিতে সিস্টেম বদলায়নি। তবে জেমির মতো শিল্পীরা যে সাহসের সঙ্গে এই অভিজ্ঞতা সামনে আনছেন, তাতে আগামী দিনে লড়াই আরও শক্তিশালী হবে বলে মনে করছেন অনেকেই।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sunny Leone horror experience | বিছানায় নড়তে পারছিলেন না! সানি লিওন জানালেন তাঁর ভয়াবহ রাতের কথা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন