Indian women cricket team historic win | ইতিহাস গড়ল হরমনপ্রীতের দল, ইংল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের মহিলা ক্রিকেট দলের

SHARE:

শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ, ম্যাঞ্চেস্টার : ভারতের মহিলা ক্রিকেট দল নতুন ইতিহাস লিখল ইংল্যান্ডের মাটিতে। বুধবার রাতে (৯ জুলাই) ম্যাঞ্চেস্টারে (Manchester) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)-এর দল। এক ম্যাচ বাকি থাকতেই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলা দল। শনিবার বার্মিংহামে (Birmingham) হবে সিরিজের শেষ ম্যাচ।

২০০৬ সালে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। তারপর থেকে ১৯ বছরের দীর্ঘ প্রতীক্ষা। দেশে কিংবা বিদেশে, দুই মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন অধরাই ছিল। সেই ইতিহাস ভেঙে দিল এবার হরমনপ্রীতরা। ভারতীয় স্পিনারদের দুরন্ত পারফরম্যান্সই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। উল্লেখ্য যে, ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ব্যাটাররা ভারতীয় স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেননি। শ্রী চরণী (Shree Charani) ২৯ রানে ২টি, রাধা যাদব (Radha Yadav) মাত্র ১৫ রানে ২টি এবং দীপ্তি শর্মা (Deepti Sharma) ২৯ রানে ১টি উইকেট নেন। শুরু থেকে শেষ পর্যন্ত চাপেই ছিল ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে তারা তুলতে পারে মাত্র ১২৬ রান ৭ উইকেট হারিয়ে। ভারতের কড়া ফিল্ডিংও ম্যাচে আলাদা ছাপ রেখে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও শেফালি বর্মা (Shafali Verma) প্রথম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে দলের ভিত গড়ে দেন। স্মৃতি ৩২ ও শেফালি ৩১ রান করে ফিরে যান। এরপর জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) অপরাজিত ২৪ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর ২৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিন ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।

ম্যাচের পরে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “আমরা জিততে পেরে গর্বিত। গোটা সিরিজেই দল দুর্দান্ত খেলেছে। ছন্দে ফেরা খুব প্রয়োজন ছিল। প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে অবদান রেখেছে। এ দেশ আসার আগে জাতীয় শিবিরে কঠোর পরিশ্রম করেছি। নিজের পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এখানে এসে সেগুলো কাজে লাগাতে পেরেছি। সবাই জানত কীভাবে খেলতে হবে। আমরা সেই ভাবেই খেলেছি।” এই জয় যে শুধু একটি সিরিজ জয় নয়, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। ভারতের মহিলা ক্রিকেটের ভবিষ্যতের জন্য এই জয় অনুপ্রেরণার। কারণ ইংল্যান্ডের মাটিতে তাদের শক্তিশালী দলকে পরাস্ত করা সহজ নয়। স্পিন আক্রমণ, কার্যকরী ফিল্ডিং ও স্থির ব্যাটিং মাইন্ডসেটই জয়ের মূল চাবিকাঠি হয়ে দাঁড়াল। অন্যদিকে, শনিবার বার্মিংহামে শেষ ম্যাচ জিততে পারলে ভারতের মহিলা দল হোয়াইটওয়াশ করার বিরল কৃতিত্বও অর্জন করবে। দেশের ক্রিকেটপ্রেমীরা এখন সেই দিকেই তাকিয়ে আছেন। তবে এই সিরিজ জয়ই ইতিমধ্যেই ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেল।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Rohit Sharma retires from test cricket : টেস্ট ক্রিকেটকে আলবিদা রোহিতের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন