India vs England Test Series : 2025 : গম্ভীরের কণ্ঠে লড়াইয়ের আগুন, শুভমনের নেতৃত্বে বদলের বার্তা

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ লন্ডন : ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের (India vs England Test Series : 2025) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র ক’দিন। এরপরই শুরু ইংল্যান্ড (England) সফরের কঠিন টেস্ট চ্যালেঞ্জ। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে এক অন্যরকম উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। পুরনো অভিজ্ঞতার স্থানে জায়গা নিচ্ছে নতুন সম্ভাবনা। ক্রিকেটারদের কান জুড়ে বাজছে গৌতম গম্ভীর (Gautam Gambhir)-এর কণ্ঠস্বর। আর সেই গলায় একটাই কথা, লড়াই করো, দেশের হয়ে, নিজের জন্য, একে অন্যের জন্য।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) প্রকাশ করেছে একটি বিশেষ ভিডিও। সেখানে দেখা গেল, এক-এক করে দলের ক্রিকেটারদের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসে ঠাঁসা বক্তব্য রাখছেন প্রধান কোচ গম্ভীর (Goutam Gambhir)। সোজাসুজি বলতে শোনা যায়, এ সফর দুইভাবে দেখা যেতে পারে। একদিকে অভিজ্ঞ তিন স্তম্ভ রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), আর রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) নেই। অন্যদিকে, এটা সেই বিরল সুযোগ। যখন নতুনরাই দেশের মুখ উজ্জ্বল করতে পারে। কে কোন দৃষ্টিভঙ্গি নেবে সেটাই নির্ধারণ করবে এই সফরের ফল। গম্ভীর বলেন, “আমি এই দলে সেই ক্ষুধা দেখতে পাই, যা বড় কিছু করার প্রেরণা দেয়। কিন্তু শুধু প্রতিভা যথেষ্ট নয়। প্রয়োজন আত্মত্যাগের, নিজের স্বাচ্ছন্দ্য ছাড়ার সাহসের। আমাদের প্রতিটা মুহূর্ত সেশন, ওভার, বল সবকিছুকে সম্মান জানাতে হবে। দেশকে প্রতিনিধিত্ব করা হল সবচেয়ে বড় গর্ব। এই সফর আমাদের ঐতিহাসিক করে তুলতে পারে। তবে তার জন্য শুরুটা আজ থেকেই করতে হবে।”

গম্ভীরের বক্তৃতা জুড়ে ছিল নতুনদের প্রতি ভরসার বার্তা। বিশেষ করে ভারত ‘এ’ দলে যাঁরা নজর কেড়ে মূল দলে উঠে এসেছেন, তাঁদের আলাদা করে স্বাগত জানিয়েছেন তিনি। উল্লেখ করেছেন সাই সুদর্শন (Sai Sudharsan)-এর নাম। লাল বলের ক্রিকেটে এই তরুণের পথচলা নতুন, কিন্তু তাঁর প্রতি গম্ভীরের প্রত্যাশা স্পষ্ট।আলোচনা এসেছে অর্শদীপ সিংহ (Arshdeep Singh)-এর নামেও। সীমিত ওভারে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন পঞ্জাবের এই পেসার। এবার তাঁর সামনে লাল বলের ক্রিকেটে নিজেকে মেলে ধরার সুযোগ। কোচের বক্তব্যে স্পষ্ট, অর্শদীপের স্কিল ও মানসিকতার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল করুণ নায়ার (Karun Nair)-এর প্রসঙ্গ উঠতেই। সাত বছর বাদে করুণ জাতীয় টেস্ট দলে ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে যাঁর প্রত্যাবর্তন ঘটেছে। তাঁকে নিয়ে গম্ভীর বলেন, “প্রত্যাবর্তন সবসময় সহজ হয় না। এটা শুধুই স্কিলের প্রশ্ন নয়, মানসিক জেদ আর প্যাশনের পরীক্ষাও। করুণ সেই পরীক্ষায় উতরে গিয়েছে। তাঁকে দেখে বাকিরাও শিক্ষা নিতে পারে, পরিশ্রম কখনও বৃথা যায় না।”

এদিন প্রশংসা এসেছে ফিটনেস কোচ আদ্রিয়ান লে রু (Adrian Le Roux)-এর দিকেও। দীর্ঘ সফর আর টেস্ট ম্যাচের মানসিক চাপ সামলাতে শারীরিক দিকটাও গুরুত্বপূর্ণ। সেই কাজেই নেতৃত্ব দিচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান বিশেষজ্ঞ।সবশেষে মুখ খুললেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তাঁর কথায় ছিল এক অনাবিল ছেলেমানুষি আত্মবিশ্বাস। যার মধ্যে ক্রিকেটের ‘নতুন ভারত’-এর ছায়া দেখা যায়। গিল বলেন, “আমাদের শুধু খেলার জন্য খেললে চলবে না। মাঠে নামলে আমাদের লক্ষ্য রাখতে হবে কীভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়। নিজেদের শক্তি চেনা ও ব্যবহার করাই আসল চাবিকাঠি।” তিনি আরও যোগ করেন, “এই সফরে প্রতিটা বল যেন একটা বার্তা দেয়, আমরা এসেছি জিততে, শুধু টিকে থাকতে নয়। সেই প্রস্তুতি আজ থেকেই শুরু হোক। প্রতিদিন নিজেদের একটু বেশি চ্যালেঞ্জ করো, সেটাই আমাদের জয়ের রাস্তা খুলে দেবে।”

গম্ভীর-গিল যুগের এই শুরুর মুহূর্তটা শুধু কৌশলগত পরিবর্তনের সময়ই নয়, একটা নতুন মানসিকতা তৈরিরও সময়। যেখানে অভিজ্ঞতার ভার নেই। কিন্তু আশা আর আগ্রহের পরিমাণ অসীম। ক্রিকেটবিশ্ব দেখছে, ভারতীয় ড্রেসিংরুমে কীভাবে এক নতুন যুগের সূচনা হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় ক্রিকেটের তরুণ সেনারা তৈরি হচ্ছে লড়াইয়ের জন্য।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Indian-A Team England tour : ভারতীয় ক্রিকেট দলে টেস্ট সিরিজের আগে ভুলভাল, আশা নাকি নিরাশা! 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন