পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মেলিবোর্ন : ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার মেলবোর্নে (Melbourne) একেবারে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। অজিদের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারেননি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। সহজেই ৪ উইকেটে জয় পেয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া (Australia)।
ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল, মেলবোর্নের পিচ ব্যাটারদের জন্য বিশেষ সুবিধাজনক নয়। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর এই ম্যাচে নিজেদের প্রমাণ করার সুযোগ ছিল ভারতের। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হল একেবারে নির্বিষ ব্যাটিংয়ের জন্য। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেই একের পর এক উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ওপেনার শুভমন গিল (Shubman Gill) শুরু থেকেই ছন্দহীন। ১০ বল খেলে মাত্র ৫ রান করে হ্যাজেলউডের (Josh Hazlewood) বলে মিচেল মার্শের (Mitchell Marsh) হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর নেমে ব্যর্থ হন সঞ্জু স্যামসন (Sanju Samson) ২ রান করে ফেরেন সাজঘরে। অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ১ রান করে ফিরে যান, আর তিলক বর্মা (Tilak Varma) আউট হন শূন্য রানে। একের পর এক ব্যাটার যখন ব্যর্থ হচ্ছেন, তখন একাই লড়াই চালিয়ে যান অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর দুর্দান্ত ৬৮ রানের ইনিংস ভারতীয় ইনিংসে একমাত্র এদিনের ব্যাটারদের ভেতর বড় রান। ৩৫ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস কিছুটা লড়াইয়ের মুখ এনে দিয়েছিল। অন্য প্রান্তে কোনও সঙ্গ না পেয়ে ভারতীয় ইনিংস দ্রুত ভেঙে পড়ে। হর্ষিত রানা (Harshit Rana) কিছুটা চেষ্টা করেন, ৩৩ বলে ৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। কিন্তু তিনি আউট হতেই বাকি উইকেটগুলো যেন তাসের ঘরের মতো ধ্বসে পড়ে। অক্ষর প্যাটেল (Axar Patel) করেন ৭ রান, শিভম দুবে (Shivam Dube) মাত্র ৪ রান। এরপর কুলদীপ যাদব (Kuldeep Yadav), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কেউই রান পাননি। ভারত শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১২৫ রানে অল আউট হয়।
অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্য ছিল মাত্র ১২৬ রান, যা তারা সহজেই পেরিয়ে যায়। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে নামেন ট্রাভিস হেড (Travis Head) ও মিচেল মার্শ। হেড ২৮ রান করে আউট হলেও পাওয়ারপ্লেতে ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে ম্যাচের ভিত গড়ে দেন দুই ওপেনার। মার্শ ৪৬ রান করে আউট হন কুলদীপ যাদবের বলে, তার আগে তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছিলেন। ভারতের একমাত্র উজ্জ্বল দিক ছিল বরুণ চক্রবর্তীর বল। তিনি নিয়ন্ত্রিত বোলিং করে ২টি উইকেট নেন, যার মধ্যে টিম ডেভিড (Tim David) -এর গুরুত্বপূর্ণ উইকেটও রয়েছে। অন্যদিকে বুমরাহও ধারাবাহিকভাবে ভাল বল করেন, পরপর দু’টি উইকেট নেন। কিন্তু লক্ষ্য এতটাই ছোট ছিল যে অজিদের কোনও চাপই ছিল না।
শেষ পর্যন্ত ৪০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। মিচেল ওয়েন (Mitchell Owen) ও জস ইংলিশ (Josh Inglis) সহজেই জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষে সূর্যকুমার যাদব বলেন, “ব্যাটিংয়ে আমরা প্রত্যাশা মতো পারফর্ম করতে পারিনি। মেলবোর্নের পিচে শুরুটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা তা ধরে রাখতে পারিনি। এখন আমাদের ফোকাস পরের ম্যাচে।” অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের মন্তব্য, “বোলাররা দুর্দান্ত বল করেছে। শুরুতেই চাপ তৈরি করতে পেরেছিলাম। ব্যাটাররাও সেই ইনটেন্ট ধরে রেখেছিল। জয়টা দলগত প্রচেষ্টার ফল।”
এই ম্যাচে ভারতের পারফরম্যান্স নিয়ে ক্রিকেটবিশ্লেষকদের মত, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে এখনও দলের অনেক কিছু গুছিয়ে নেওয়া প্রয়োজন। বিশেষত, টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিকতা এবং মিডল অর্ডারের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ভারতের সামনে এখন একটাই লক্ষ্য, পরের ম্যাচে জিতে সিরিজে প্রত্যাবর্তন করা।
ছবি : সংগৃহীত




