India England Test, Akashdeep bowling |এজবাস্টনে আকাশদীপের ঝলকে ভারতের ৩৩৬ রানের ঐতিহাসিক জয়

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ✪ সাশ্রয় নিউজ, এজবাস্টন : রবিবার বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে (Edgbaston Stadium) এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। দিনের শুরুতে যখন বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হল, ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) হতাশভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন। ম্যাচের পরিসর ক্রমশ সংকীর্ণ হচ্ছিল, মনে হচ্ছিল আগের দিন ইনিংস ঘোষণা (declare) নিয়ে সমালোচনাগুলি হয়ত সত্যিই বড় হয়ে উঠবে। কিন্তু দিনের শেষে সেই আকাশই যেন আশীর্বাদ হয়ে নেমে এল ভারতীয় দলে। মাথার উপর নীল আকাশ ও হাতে বল থাকা আকাশদীপ (Akashdeep), এই দুই ‘আকাশ’-এর দাপটেই ভেঙে গেল ইংল্যান্ডের (England) দুর্গ। প্রথমবার এজবাস্টনে টেস্ট জিতল ভারত, তাও ৩৩৬ রানের বিশাল ব্যবধানে। এর ফলে সিরিজে সমতা ফিরল ১-১। লর্ডসে নতুন করে শুরু করবে দুই দল।

এজবাস্টনে ক্যাপ্টেন শুভমন গিল। উপভোগ করছেন জয়ের আনন্দ। ছবি : সংগৃহীত
এজবাস্টনে ক্যাপ্টেন শুভমন গিল। উপভোগ করছেন জয়ের আনন্দ। ছবি : সংগৃহীত

ম্যাচের শুরু থেকেই আকাশদীপের দিকে নজর ছিল ভারতীয় সমর্থক ও ক্রীড়া বিশ্লেষকদের। এদিন বল ছিল আগুন ঝরালো বাংলার ছেলেটি। বৃষ্টির পরে যখন খেলা শুরু হয়, চতুর্থ ওভারেই অলি পোপকে (Ollie Pope) ফিরিয়ে দেন আকাশদীপ। এরপর হ্যারি ব্রুককে (Harry Brook) আউট করে ইংল্যান্ড শিবিরে চাপ বাড়িয়ে দিলেন। গ্যালারিতে তখন গুঞ্জন শুরু, আর কতক্ষণ? তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ও জেমি স্মিথ (Jamie Smith) ঠিক করেছিলেন এই চাপকে রুখে দেবেন। ইংল্যান্ডের এই দুই তারকা ‘বাজবল’ মুছে ধ্রুপদী টেস্ট ব্যাটিং করতে থাকলেন। স্টোকস অতি সাবধানী ছিলেন, কোনও ঝুঁকি নেননি। অন্যদিকে স্মিথ শুরুর দিকে রক্ষণাত্মক থাকলেও পরে শুরু করেন স্ট্রোক খেলা। দু’জনের ৭০ রানের জুটিতে কিছু সময়ের জন্য ভারতের জয়কে কঠিন করে তুলেছিল।

ভারতের নবীন অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) ফিল্ড সেটআপ নিয়ে তখন সমালোচনা হচ্ছিল ধারাভাষ্যে। আকাশদীপ ও মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) দীর্ঘক্ষণ বাইরে রেখে স্পিনারদের দিয়ে তিনি বল করান। তবে শেষ রক্ষা হয় ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) হাতে। মধ্যাহ্নভোজের ঠিক আগে তাঁর বলেই এলবিডাব্লিউ হন স্টোকস। ডিআরএস নিলেও শেষরক্ষা হয়নি। এই উইকেটেই কার্যত ম্যাচ বেরিয়ে যায় ইংল্যান্ডের হাত থেকে। এরপর স্মিথ আকাশদীপকে আক্রমণ করে কিছুটা চাপ তৈরি করেছিলেন। এক ওভারে দু’টি ছয় হাঁকালেও পরের বলেই শিকার হন। শর্ট বলকে ছয় মারতে গিয়ে স্লোয়ার বলে বিভ্রান্ত হন স্মিথ। ওয়াশিংটন সুন্দর বাউন্ডারির ধারে সহজ ক্যাচ ধরেন। সেখানেই শেষ ইংল্যান্ডের স্বপ্নের। শেষ দিকে টেলএন্ডাররা কিছুটা প্রতিরোধ গড়লেও ভারতের জয়ে কোনও আঁচ পড়েনি।

আকাশদীপের অসাধারণ পারফরম্যান্সের ফলে লর্ডস টেস্টে তাঁর জায়গা প্রায় পাকা। সিরাজ এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ফিরলে হয়ত প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) বাদ পড়তে পারেন। প্রসিদ্ধ এ ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন। তবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ‘প্রসিদ্ধ-প্রীতি’ সকলের জানা। ফলে লর্ডসে দল নির্বাচনে কোনও চমক থাকলে অবাক হওয়ার কিছু নেই।

ভারতের এই জয়ে উচ্ছ্বসিত হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিরাট লিখেছেন, “এজবাস্টনে অসাধারণ ম্যাচ জিতল ভারত। ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। ব্যাটে-বলে দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে শুভমন। আকাশদীপ এবং সিরাজ আলাদা করে প্রশংসা প্রাপ্য।” সৌরভও টুইট করে লিখেছেন, “শুভমন গিল এবং ওর দল যা খেলল, অসাধারণ। আকাশদীপ এবং সিরাজ দুর্দান্ত বল করেছে। বুমরাহ ছাড়াও ভারত যে জিততে পারে, এটা দারুণ।” অন্যদিকে এজবাস্টন ম্যাচ শেষ হতেই চর্চায় লর্ডস। লর্ডস টেস্ট শুরু হতে আর বেশি দেরি নেই। এই জয়ের পর মনোবল তুঙ্গে ভারতের। আকাশদীপের মতো নতুন তারকা ও অভিজ্ঞ বোলারদের মিশেলে, এই সিরিজে রোমাঞ্চের পারদ আরও চড়তে চলেছে তা বলাই বাহুল্য।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : India vs England 2nd Test 2025, Shubman Gill Double Century | শুভমনের ব্যাটে ধ্বংস, আকাশদীপের আগুনে কাঁপছে ইংল্যান্ড!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন