শুভ্রাংশু রায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে একের পর এক টানটান উত্তেজনা। সম্প্রতি শেষ হয়েছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy), তার পরই সামনে এসেছে নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ সফর রাজনৈতিক কারণে বাতিল হওয়ায় খানিকটা বিশ্রাম পেয়েছিলেন খেলোয়াড়রা। কিন্তু দীর্ঘদিন ফাঁকা ক্যালেন্ডার ভারতীয় ক্রিকেটে আর দেখা যাচ্ছে না। এশিয়া কাপ (Asia Cup 2025) শেষ হবে সেপ্টেম্বরের ২৮ তারিখ, আর মাত্র ক’য়েক দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদ ও দিল্লির মাঠে হবে দুই ম্যাচের এই লড়াই। আর সেই সিরিজকে সামনে রেখেই নির্বাচকমণ্ডলী ঘোষণা করেছে সম্ভাব্য স্কোয়াড। সবচেয়ে বড় চমক হল ঈশান কিষণ’কে (Ishan Kishan) ফেরানো। দুই বছর পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ধ্রুব জুরেল (Dhruv Jurel)-এর সঙ্গে তাকেও দেখা যেতে পারে। অন্যদিকে এখনও অনিশ্চিত ঋষভ পন্থের (Rishabh Pant) ফিটনেস। তাঁর মেটাটার্সাল হাড়ের চোটের কারণে ক্যারিবিয়ানদের (Caribbeans) বিরুদ্ধে খেলার সম্ভাবনা ক্ষীণ। নির্বাচকরা তাই বিকল্প প্রস্তুত রেখেছেন।
ওপেনিং স্লটে ইংল্যান্ডে নজর কাড়ানো যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কে এল রাহুল (KL Rahul)-এর উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তাঁদের সঙ্গেই ফের তিন নম্বর পজিশন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে সুযোগ পাওয়া সাই সুদর্শন (Sai Sudharsan) ও করুণ নায়ার (Karun Nair) দ্বিতীয় সুযোগ পেতে পারেন। দৌড়ে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Eswaran)-ও। শুভমান গিল (Shubman Gill)-এর ব্যাটিং ফর্ম নিয়ে আশার আলো যথেষ্ট। ইংল্যান্ডের বিপক্ষে ৭৫৪ রানের ঝড়ো ব্যাটিংয়ের পর তিনিই থাকছেন দলের অধিনায়ক। নির্বাচকমণ্ডলী বিশ্বাস রাখছে যে তাঁর ধারাবাহিকতা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও বজায় থাকবে। সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কে এল রাহুলকে। তাঁর অভিজ্ঞতা দলের ড্রেসিংরুমে স্থিরতা আনবে বলে মনে করছে বিসিসিআই। নির্বাচকমণ্ডলীর এক সদস্য জানিয়েছেন, “পন্থের চোট দলে সমস্যা তৈরি করেছে, তবে রাহুলের উপস্থিতি নেতৃত্বের দিক থেকে ভারসাম্য দেবে।”
অন্যদিকে, স্পিন আক্রমণে গুরুত্ব পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। ঘরের মাঠের ঘূর্ণি পিচ মাথায় রেখেই এই সিদ্ধান্ত। অন্যদিকে ফ্রন্টলাইন স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তবে দলের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হল জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) অনুপস্থিতি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের জন্য বুমরাহকে সতেজ রাখতে এই সিদ্ধান্ত। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে পেস আক্রমণ সামলাবেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সম্প্রতি ওভালে তাঁর দুরন্ত বোলিং ভারতকে ঐতিহাসিক জয় এনে দিয়েছে। সিরাজের সঙ্গী হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) ও আকাশ দীপ (Akash Deep)-কে রাখা হয়েছে।উল্লেখ্য যে, স্কোয়াড ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস স্পষ্ট। বিশেষত, ঈশান কিষণ’কে ফের দেখা যাবে জাতীয় দলে এই খবরেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। একজন সমর্থক লিখেছেন, “ঈশানের প্রত্যাবর্তন মানে দলের ফ্লেক্সিবিলিটি বাড়বে। তিনি ব্যাটার হিসেবেও বিস্ফোরক, আবার বিকল্প কিপার হিসেবেও কার্যকর।”
অন্যদিকে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, পন্থের ফিটনেস টিম ইন্ডিয়ার টেস্ট ভবিষ্যতের জন্য বড় চিন্তার বিষয়। যদি তিনি সময়মতো ফিরে আসতে না পারেন, তবে কিপিং দায়িত্ব ভাগ করে নিতে হবে জুরেল ও ঈশানকে। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ভারতের জন্য চ্যালেঞ্জিং হলেও একইসঙ্গে প্রস্তুতির মঞ্চও বটে। সামনে রয়েছে এশিয়া কাপ, তারপর অস্ট্রেলিয়া সফর এবং বছরের শেষে বড় টুর্নামেন্ট। ফলে প্রতিটি ম্যাচই এখন ভবিষ্যতের বিনিয়োগ।
এক নজরে সম্ভাব্য স্কোয়াড (IND vs WI) :
শুভমান গিল (Shubman Gill-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), কে এল রাহুল (KL Rahul-সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Eswaran), সাই সুদর্শন (Sai Sudharsan), করুণ নায়ার (Karun Nair), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), অক্ষর প্যাটেল (Axar Patel), ধ্রুব জুরেল (Dhruv Jurel-উইকেটরক্ষক), ঈশান কিষণ (Ishan Kishan-উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), আকাশ দীপ (Akash Deep), কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : SRK | Love Story of Shah Rukh Khan and Gouri Khan : শাহরুখ-গৌরীর প্রেম এক আশ্চর্য রূপকথা




