বিনীত শর্মা, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : সপ্তাহের শুরুতেই সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্র। মহালয়ার দিনই ‘এক দেশ-এক কর’ (One Nation One Tax) নীতির কার্যকারিতা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নবরাত্রির সূচনা মুহূর্ত থেকেই শুরু হচ্ছে জিএসটি বাঁচত উৎসব (GST Bachat Utsav) বা জিএসটি ২.০। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে দেশের সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই লাভবান হবেন ব্যবসায়ীরাও। প্রধানমন্ত্রীর কথায়, “ভারতের উন্নয়নের পথে এগিয়ে চলতে হলে করব্যবস্থাকে সহজ করতে হবে। আগে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সবাইকে একাধিক করের বোঝা বইতে হত। এই অবস্থার পরিবর্তন প্রয়োজন ছিল। নতুন জিএসটি (GST 2.0) সেই লক্ষ্য পূরণ করবে।”
কেন দরকার ছিল জিএসটি সংস্কার? স্বাধীনতার পর থেকে ভারতীয় অর্থনীতিতে একাধিক করব্যবস্থা জটিলতা তৈরি করেছিল। রাজ্য ও কেন্দ্রীয় কর মিলিয়ে মানুষকে একাধিক স্তরে ট্যাক্স দিতে হত। কখনও টোল, কখনও ভ্যাট, আবার কখনও সার্ভিস ট্যাক্স, যার ফলে পণ্য ও পরিষেবার দাম ক্রমাগত বেড়ে যাচ্ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) জানান, নতুন জিএসটি সংস্কার সেই বোঝা হালকা করবে। নবরাত্রির শুরুতে এই পদক্ষেপ আত্মনির্ভর ভারতের (Atmanirbhar Bharat) পথে আরেকটি মাইলফলক হয়ে উঠবে।
সাধারণ মানুষের লাভ কোথায়? কেন্দ্রের নতুন নীতিমালায় দু’টি মূল কর হার রাখা হয়েছে, ৫ শতাংশ ও ১৮ শতাংশ। এর ফলে বহু প্রয়োজনীয় সামগ্রীর দাম কমতে চলেছে। প্রধানমন্ত্রী দাবি করেন, নতুন মধ্যবিত্ত (New Middle Class) এখন ভারতের অর্থনীতির মেরুদণ্ড, তাঁদের স্বপ্ন পূরণ করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও বলেন, “দেশবাসী যাতে সাশ্রয়ী মূল্যে জিনিসপত্র পান, সেই লক্ষ্যেই নতুন জিএসটি কাঠামো কার্যকর হচ্ছে। মানুষকে করের জটিলতা থেকে মুক্ত করাই আমাদের উদ্দেশ্য।”
পর্যটন ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। হোটেল ভাড়ায় কম জিএসটি লাগবে, যা সরাসরি উপকৃত করবে দেশি-বিদেশি পর্যটকদের। পর্যটনকে ভারতের অর্থনীতির অন্যতম শক্তি হিসেবে তুলে ধরতে চায় কেন্দ্র। প্রধানমন্ত্রী জানান, “হোটেল, রেস্টুরেন্ট, ভ্রমণ সংক্রান্ত খরচ, সব ক্ষেত্রেই নতুন জিএসটি সুবিধা দেবে। পর্যটন শিল্প আরও বিকশিত হবে।”
অন্যদিকে, কেন্দ্রের এই নতুন কর ব্যবস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আশীর্বাদ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) ভারতের অর্থনীতির ভিত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বলেন, “দেশ যখন সমৃদ্ধির শিখরে ছিল, তখনও এই শিল্পই উন্নয়নের মেরুদণ্ড ছিল। নতুন জিএসটি সংস্কার তাঁদের আরও শক্তিশালী করবে।” সহজ করব্যবস্থা ক্ষুদ্র শিল্পীদের ব্যবসা বৃদ্ধির সুযোগ করে দেবে। আবার, প্রধানমন্ত্রী এদিনও দেশীয় পণ্য ব্যবহারের ওপর জোর দেন। বিদেশি পণ্যের আমদানি শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে তৈরি জিনিস কিনুন, ব্যবহার করুন। প্রতিটি পরিবারকে স্বদেশিয়ানার প্রতীক হতে হবে।” এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক চাপানোর পরও দেশীয় পণ্যের গুরুত্বের কথা বলেছিলেন তিনি। এবার জিএসটি সংস্কারের সঙ্গে মিলিয়ে সেই বার্তাই পুনরায় শোনালেন। আত্মনির্ভর ভারতের পথে
নতুন জিএসটি কার্যকর হলে কর প্রক্রিয়া সহজ হবে, দেশীয় পণ্যের ব্যবহার বাড়বে, ব্যবসা বাড়বে, পর্যটন খাত শক্তিশালী হবে। সর্বোপরি সাধারণ মানুষ স্বস্তি পাবেন করের জটিলতা থেকে। প্রধানমন্ত্রী মোদী (PM Modi) বলেন, “আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন জিএসটি হবে স্বচ্ছ ও সবার জন্য লাভজনক।” উল্লেখ্য, আসন্ন উৎসবের মরসুমে এই ঘোষণা নিঃসন্দেহে দেশের কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাবে বলেই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi Birthday: ৭৫তম জন্মদিনে মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার বড় ঘোষণা প্রধানমন্ত্রীর




