সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)-কে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবন হঠাৎ করেই ভাঙনের পথে বলেই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনা। গুঞ্জন নতুন নয়, মাস ক’য়েক ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা খবর সামনে আসছিল। তবে প্রতিবারই নিজেকে ও পরিবারকে রক্ষা করতে সেগুলো এড়িয়ে গিয়েছিলেন সুনীতা। কিন্তু এবার নাকি সত্যিই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের তালিকায় রয়েছে ব্যাভিচার, প্রতারণা, এমনকী গার্হস্থ্য হিংসার মতো গুরুতর প্রসঙ্গও। সূত্রের খবর, বান্দ্রা আদালতে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন সুনীতা। মে এবং জুন মাসে এই মামলার প্রেক্ষিতে গোবিন্দের কাছে সমন পাঠানো হয়েছিল। আদালতে হাজিরা দিলেও উপস্থিত ছিলেন না অভিনেতা। এতে স্বাভাবিকভাবেই জল্পনা আরও জোরদার হয়। প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই তিন দশকের বেশি সময়ের সম্পর্কের সমাপ্তি ঘটতে চলেছে?

সাম্প্রতিক এক ভ্লগে সুনীতা নিজের ক্ষোভ প্রকাশ করেন। দেখা যায়, তিনি চণ্ডীগড়ের মহাকালী মন্দিরে গিয়েছেন পূজো দিতে। সেখানে দেবীমূর্তির সামনে বসেই আবেগপ্রবণ হয়ে পড়েন। সাক্ষাৎকারে সেখানকার পুরোহিতকে তিনি বলেন, “যা চেয়েছি, পেয়েছি। গোবিন্দাকে স্বামী হিসেবে পেয়েছি, দুই সন্তান পেয়েছি। কিন্তু আমাদের দু’জনের মধ্যে যে আসবে তাকে দেবী মা ছিন্ন করবেন। আমার মতো সৎ মহিলার চোখে যে জল আনবে তার ভাল হবে না।” কথাগুলি বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এখানেই শেষ নয়, সাম্প্রতিক কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় আকারে-ইঙ্গিতে নিজের মনের কথা প্রকাশ করেছেন সুনীতা। কখনও তিনি বলেছেন, “পুরুষমানুষকে ভরসা করা উচিৎ নয়, কখন কী করে বসবে বুঝতে পারবেন না।” আবার অন্য সময় বলেন, “আমি গোবিন্দের তাঁবেদারি করি না। সত্যিটা বলি বলে সহ্য হয় না।” এই মন্তব্যগুলিই কার্যত ইঙ্গিত দিচ্ছে, তাঁদের সম্পর্কে কোথাও গভীর ফাটল তৈরি হয়েছে।
কিন্তু অন্য একটি সূত্র দাবি করছে, এখনও নাকি তাঁরা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন। একাধিক পরিবারিক আলোচনাও নাকি হয়েছে। যদিও প্রকাশ্যে গোবিন্দা এই বিষয়ে মুখ খোলেননি। তাঁর নীরবতা আরও প্রশ্ন তৈরি করছে। বলিউডে বরাবরই তাঁকে ‘পারিবারিক মানুষ’ হিসেবেই সকলে চেনেন। কিন্তু সাম্প্রতিক অভিযোগে সেই ইমেজ বড়সড় ধাক্কা খেয়েছে।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে বিয়ে হয় গোবিন্দা ও সুনীতার। তাঁদের দুই সন্তান রয়েছে টিনা আহুজা (Tina Ahuja) ও যশবর্ধন আহুজা (Yashvardhan Ahuja)। টিনা সিনেমায় অভিষেকও করেছেন। অনেক সাক্ষাৎকারেই সুনীতা জানিয়েছেন, তিনি বরাবরই স্বামীর পাশে থেকেছেন, কেরিয়ারের ওঠাপড়ায় মানসিকভাবে তাঁকে সমর্থন করেছেন। এমন একজন নারী আজ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হওয়ায় ভক্তরাও হতবাক।
বলিউডের অন্দরমহলে এই খবর নিয়ে ইতিমধ্যেই তীব্র চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের নানা প্রতিক্রিয়া আসছে। কেউ লিখেছেন, “এমন একজন তারকার সংসারও যদি ভেঙে যায়, তবে সাধারণ মানুষের কাছে সম্পর্ক টিকিয়ে রাখা আরও কঠিন।” কেউ আবার সুনীতার সাহসের প্রশংসা করেছেন। তাঁদের মতে, “দীর্ঘদিন ধরে চুপ থাকলেও এবার নিজের সম্মানের জন্য তিনি দাঁড়িয়েছেন, এটা বড় সিদ্ধান্ত।” তবে শেষ পর্যন্ত এই মামলা কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার। আদালতের সিদ্ধান্ত ও গোবিন্দা’র আনুষ্ঠানিক প্রতিক্রিয়াই নির্ধারণ করবে ভবিষ্যতের পথ। আপাতত একটাই স্পষ্ট, বলিউডের এক সময়ের ‘কমেডি কিং’ গোবিন্দ এবং তাঁর স্ত্রীর সম্পর্কের সমীকরণ আর আগের মতো নেই।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan diet plan | ‘দঙ্গল’-এ জন্য ২৫ কেজি ওজন কমিয়েছিলেন আমির খান, জানুন তাঁর কঠোর ডায়েট ও ফিটনেস রুটিনের গোপন রহস্য




