সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : মহারাষ্ট্রের রাজনীতিতে বুধবার এক মজার মুহূর্তের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস (Devendra Fadnavis)। মহারাষ্ট্র বিধান পরিষদে (Maharashtra Legislative Council) শিবসেনা (উদ্ধব) [Shiv Sena (UBT) প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)-কে উদ্দেশ্য করে তিনি বললেন, ‘২০২৯ পর্যন্ত বিরোধী দলে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তবে আপনি চাইলে আমাদের দলে যোগ দিতে পারেন।’’ তাঁর এই মন্তব্যে হাসির রোল উঠল সভায় উপস্থিত বিজেপি (BJP) ও এনডিএ (NDA) সদস্যদের মধ্যে, যদিও ঠাকরে ছিলেন নিশ্চুপ।
উল্লেখ্য, মন্তব্যটি আসে শিবসেনা (উদ্ধব) দলের নেতা অম্বাদাস দানভে (Ambadas Danve)-এর বিদায়ী অনুষ্ঠানে। তিনি ছিলেন পরিষদের বিরোধী দলনেতা। সেই বিদায়ী বক্তব্য চলাকালীন ফড়নবীস হঠাৎই উদ্ধবের দিকে ঘুরে বলেন, ‘উদ্ধবজি, দেখুন, ২০২৯ পর্যন্ত আমাদের বিরোধী দলে যাওয়ার কোনও সুযোগ নেই। তবে আপনি যদি এখানে আসতে চান, তবে সেটা আপনার উপর নির্ভর করছে। আমরা ভেবে দেখতে পারি।’ পরে সাংবাদিকরা উদ্ধব ঠাকরেকে এই বিষয়ে প্রশ্ন করলে, তিনি হেসে উত্তর দেন, ‘ছেড়ে দিন। কিছু কথা হালকাভাবেই নেওয়া উচিত।’ এদিনের অধিবেশনের শুরুতে ফড়নবীস ও ঠাকরে একে অপরকে হাত মেলান ও হাসিমুখে কথা বলেন। দুই প্রাক্তন মিত্র নেতার এমন মুহূর্ত রাজ্য রাজনীতিতে বিরল। একসময় বিজেপি ও শিবসেনা (উদ্ধব) একসঙ্গে ছিল মহারাষ্ট্রে, তবে ২০১৯ সালের পর থেকে সম্পর্কের অবনতি হয়। বর্তমানে বিজেপি, একনাথ শিন্ডে (Eknath Shinde)-এর নেতৃত্বাধীন শিবসেনা ও অজিত পাওয়ার (Ajit Pawar)-এর এনসিপি (NCP) একজোট হয়ে এনডিএ সরকার চালাচ্ছে রাজ্যে। ২০২৪ সালের বিধানসভা ভোটে তারা বিপুল জয় পেয়েছে। ফলে ফড়নবীসের বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
উল্লেখ্য, অম্বাদাস দানভে-র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফড়নবীস আরও বলেন, ‘অম্বাদাস দানভে যেখানেই থাকুন না কেন, তাঁর চিন্তাধারা আসলে ডানপন্থী।’ তাঁর এই মন্তব্যও শোনা মাত্রই সভায় হাসির রোল ওঠে। অনেকে মনে করছেন, রাজনৈতিকভাবে একে হালকা খোঁচা বলেই ধরেছেন ফড়নবীস, যা শিবসেনা (উদ্ধব)-কে ব্যঙ্গ করলেও ব্যক্তিগত সম্পর্ককে আঘাত করছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্যের মাধ্যমে বিজেপি আবারও বোঝাতে চাইছে, রাজ্যে তাদের শক্তি কতটা সুসংহত। পাশাপাশি, একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে বিজেপি এখনই কোনওরকম সমঝোতার পথে যেতে চাইছে না। উদ্ধব ঠাকরে ও ফড়নবীসের হাত মেলানো ও হাস্যকৌতুকের এমন প্রকাশ রাজনীতির কঠোর বাস্তবতার মধ্যে কিছুটা আলাদা বার্তাও দেয়, যেখানে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক অবস্থান সবসময় সমান্তরালভাবে চলে না। রাজনৈতিক মহল মনে করছে, ২০২৯ পর্যন্ত বিজেপি-এনডিএ জোটই মহারাষ্ট্রে প্রভাব বিস্তার করবে, সেই ইঙ্গিতই আরও একবার দিলেন দেবেন্দ্র ফড়নবীস। তবে উদ্ধব ঠাকরে যে এই প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছেন না, তা তাঁর এককথার জবাবেই স্পষ্ট।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : A Celebration of Flavor, Culture, and Heritage: 34th Annual Mango Festival Lights Up Delhi




