পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতের ফুটবলপ্রেমীদের কাছে আসতে পারে ইতিহাসের এক অনন্য মুহূর্ত। ফুটবলের কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবার নাও খেলতে পারেন ভারতের মাটিতে। শুভেচ্ছা সফর বা প্রীতি ম্যাচ নয়, তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League Two) -এর প্রতিযোগিতামূলক ম্যাচেই দেখা যেতে পারে সিআর সেভেনকে (CR7) বলে সূত্রের খবর।
সৌদি আরবের ক্লাব আল নাসের (Al Nassr) -এর তরফে খবর পাওয়া গিয়েছে, ভারতের এফসি গোয়া (FC Goa)-র বিরুদ্ধে ম্যাচের জন্য রোনাল্ডোর নাম নথিভুক্ত করা হয়েছে। ফলে ২২ অক্টোবর গোয়ার মাঠে প্রতিপক্ষ হয়ে নামতে পারেন রোনাল্ডো। একটি সর্বভারতীয় বিশেষ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আল নাসের এ বার পূর্ণশক্তির দল নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলতে নামছে। এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের জন্য তাঁরা ইতিমধ্যেই ১২ জন বিদেশি ফুটবলারের নাম নথিভুক্ত করেছেন। সেই তালিকায় রয়েছেন সাদিও মানে (Sadio Mané), কিংসলে কোম্যান (Kingsley Coman) এবং জোয়াও ফেলিক্স (João Félix) -এর মতো বিশ্ব ফুটবলের নামী তারকারা। অর্থাৎ ভারতীয় দর্শকরা যদি সৌভাগ্যবান হন, তবে একসঙ্গে এত তারকাখচিত দলকে দেখার সুযোগ পাবেন।

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, রোনাল্ডো সত্যিই খেলবেন কি না! নিয়ম অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে খেলতে রোনাল্ডোকে জোর করতে পারবে না আল নাসের কর্তৃপক্ষ। তবে রোনাল্ডো নিজে চাইলে ম্যাচে নামতে বাধা নেই। এই সম্ভাবনা খোলা রাখতেই ক্লাব কর্তৃপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য তাঁকে দলে অন্তর্ভুক্ত করেছে। উল্লেখ্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে এফসি গোয়ার গ্রুপে রয়েছে ইরাকের আল জাওরা (Al Zawraa) এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল (FC Istiklol)। সূচী অনুযায়ী, এফসি গোয়া ১৭ সেপ্টেম্বর ঘরের মাঠে খেলবে আল জাওরার বিরুদ্ধে। এরপর ১ অক্টোবর প্রতিপক্ষ হবে এফসি ইস্তিকলল। আর ২২ অক্টোবর গোয়ার মাঠেই হবে আল নাসের বনাম এফসি গোয়া ম্যাচ। সেই ম্যাচেই প্রথমবার ভারতের মাটিতে দেখা যেতে পারে রোনাল্ডোকে।
Read : Cristiano Ronaldo | জোড়া গোলে রোনাল্ডো এগিয়ে গেলেন মেসিকে, চমক দিয়ে শুরু বিশ্বকাপ-যোগ্যতার যাত্রা
ভারতের ফুটবল মহলে রোনাল্ডোকে ঘিরে উন্মাদনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এএফসি লিগ টুর্নামেন্টকে কেন্দ্র করে ফুটবল অনুরাগীদের মধ্যে প্রত্যাশার ঝড় বইছে। এফসি গোয়া সমর্থকদের কাছে এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সুযোগ, কারণ এফসি বার্সেলোনা (FC Barcelona) এবং রিয়াল মাদ্রিদ (Real Madrid) -এর হয়ে ইউরোপীয় মঞ্চ কাঁপানো রোনাল্ডোকে সামনে থেকে খেলার মাঠে দেখা অনেকেরই স্বপ্ন। আল নাসেরের কোচ এবং ব্যবস্থাপনা এখনও রোনাল্ডোর খেলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, রোনাল্ডো যদি সুস্থ থাকেন এবং দলগত কৌশলের সঙ্গে মানানসই হয়, তবে তাঁকে খেলতে দেখা যাবে।
ভারতে আন্তর্জাতিক মানের ফুটবল তারকা আগমন নতুন কিছু নয়। আগে পেলে (Pele), দিয়েগো মারাদোনা (Diego Maradona), লিওনেল মেসি (Lionel Messi)-র মতো তারকারা ভারত সফরে এসেছেন। কিন্তু তাঁদের কেউ প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। সেই জায়গায় রোনাল্ডোর খেলার সম্ভাবনা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য যুগান্তকারী হতে পারে। এই ম্যাচ যদি সত্যিই হয়, তবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium) উপচে পড়া ভিড়ের সম্ভাবনা থাকছে। স্থানীয় ফুটবলপ্রেমী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকরা রোনাল্ডোকে মাঠে দেখতে ছুটে আসবেন, তা বলাই বাহুল্য। তবে ভারতের ফুটবল ইতিহাসে এই ম্যাচ এক নতুন অধ্যায় হয়ে উঠতে পারে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার সুযোগ এ দেশে আগে আসেনি। রোনাল্ডোর মাঠে নামার সম্ভাবনা শুধু ফুটবল নয়, ক্রীড়া অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। গোয়ার পর্যটন শিল্প, টিকিট বিক্রি এবং আন্তর্জাতিক নজর ভারতের ফুটবলের দিকে টেনে আনতে পারে এই ম্যাচ। এখন নজর ২২ অক্টোবরের দিকে। আল নাসেরের তালিকায় নাম নথিভুক্ত হওয়ায় ভারতের ফুটবল অনুরাগীদের আশা বেড়েছে বহুগুণ। এখন অপেক্ষা, সিআর সেভেন সত্যিই মাঠে নামেন কি না।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Cristiano Ronaldo, Georgina Rodriguez Engagement | ওজন ৩৫ ক্যারাট! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-জর্জিনার বাগ্দানের আংটি ঘিরে হইচই, দাম শুনে অবাক নেটিজেনরা




