China Agro Terrorism | চিনা কৃষি সন্ত্রাসে বিশ্ব আতঙ্ক: ‘করোনার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে’, সতর্ক বার্তা মার্কিন বিশেষজ্ঞদের

SHARE:

মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, “এই ঘটনা কেবল পাচার নয়, বরং এটি কৃষি সন্ত্রাসের (Agro-terrorism) একটি সুস্পষ্ট উদাহরণ। এই ধরনের আক্রমণ খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।”

পরিধি চক্রবর্তী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : অতিমারীর দগদগে স্মৃতি এখনও বিশ্ববাসীর মনে গেঁথে আছে। করোনাভাইরাসের দাপট পুরো বিশ্বকে কাবু করেছিল। সেই ভয়াবহতা কাটতে না কাটতেই ফের নতুন আতঙ্কের ইঙ্গিত দিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। অভিযোগ উঠেছে, আমেরিকায় ফসল ধ্বংসকারী মারাত্মক ছত্রাক পাচারের ছক কষেছিলেন এক চিনা দম্পতি। বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনা নিছক চোরাচালান নয়, এটিকে কৃষি সন্ত্রাস (Agricultural Terrorism) বলেই অভিহিত করা উচিত। তাঁদের মতে, এর ফল ভয়ঙ্কর হতে পারে। শুধু তাই নয়, করোনার থেকেও ভয়াবহ।মার্কিন বিচার বিভাগ জানাচ্ছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নাম ইউনকিং জিয়ান (Yunqing Jian), বয়স ৩৩ ও জুনিয়ং লিউ (Junying Liu), বয়স ৩৪। একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত জিয়ানকে বিশেষভাবে এই ছত্রাক সরবরাহ করেছিলেন লিউ। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র, চোরাচালান, ভিসা জালিয়াতি ও মিথ্যা বিবৃতির মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই দম্পতি ফুসারিয়াম গ্রামিনিয়ারাম (Fusarium graminearum) নামের এক ভয়ঙ্কর ছত্রাক আমেরিকায় প্রবেশ করানোর চেষ্টা করছিলেন।

Read : India China trade relations | ভারতের অনুরোধে ফের সার, খনিজ ও টানেল মেশিন রফতানি শুরু করবে চিন

উল্লেখ্য, ওই ছত্রাক ‘হেড ব্লাইট’ নামে পরিচিত রোগ সৃষ্টি করে, যা গম, ভুট্টা, ধান ও বার্লির মতো গুরুত্বপূর্ণ ফসলকে মুহূর্তে ধ্বংস করতে পারে। এর ফলে মার্কিন কৃষি খাতে কোটি কোটি ডলারের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল। মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, “এই ঘটনা কেবল পাচার নয়, বরং এটি কৃষি সন্ত্রাসের (Agro-terrorism) একটি সুস্পষ্ট উদাহরণ। এই ধরনের আক্রমণ খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।” অন্যদিকে, চিনকে নিয়ে দীর্ঘদিন ধরেই মার্কিন বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। আমেরিকার চিন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ গর্ডন জি চ্যাং (Gordon G. Chang) ফক্স নিউজকে (Fox News) দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ওই দম্পতির পদক্ষেপ আসলে আমেরিকার বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা। মার্কিন প্রশাসনের এখনই সতর্ক হওয়া উচিত। নয়তো বড়সড় বিপদ অনিবার্য হয়ে দাঁড়াবে।” তিনি আরও মনে করিয়ে দেন, “২০১৯ সালের মে মাসে চিনের অন্যতম সরকারি সংবাদমাধ্যমে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল যেখানে সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা লেখা ছিল। তখন আমরা এটিকে নিছক প্রোপাগান্ডা ভেবেছিলাম। কিন্তু এখন এই ঘটনার পর বিষয়টি অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।” চ্যাং সরাসরি সতর্ক করে বলেন, “আমেরিকার অবশ্যই চিনের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। নাহলে কোভিডের থেকেও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এটি নিছকই কোনও ছোট অপরাধ নয়, এটি একটি গভীর ষড়যন্ত্র! আমাদের মনে রাখা উচিত, করোনার (Covid-19) উৎপত্তি নিয়েও ষড়যন্ত্রের অভিযোগ ছিল চিনের গবেষণাগারকে ঘিরে।”

প্রসঙ্গত, নোভেল করোনাভাইরাস সার্স-কোভ-২ (SARS-CoV-2) -এর আতঙ্ক এখনও বিশ্বের মন থেকে মুছে যায়নি। বিশেষজ্ঞদের মতে, কৃষি ক্ষেত্রে এমন জৈব সন্ত্রাস (Bio-terrorism) ঘটলে তা শুধু খাদ্য সঙ্কটই তৈরি করবে না, তা বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম হু হু করে বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলবে।অন্যদিকে, চিনের এই ধরনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে কূটনৈতিক মহলেও আলোড়ন পড়েছে। মার্কিন প্রশাসনের একাংশ মনে করছে, এ ঘটনা আমেরিকার কৃষি নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর তুলে ধরছে। অন্যদিকে, নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এ ঘটনা হয়ত বড় কোনও পরিকল্পনার ক্ষুদ্র অংশমাত্র। তাঁরা মনে করছেন, এই ধরণের ঘটনা যদি আরও বাড়তে থাকে তবে তা খাদ্য ঘাটতির পাশাপাশি সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলবে।

এই মুহূর্তে আমেরিকা শুধু মহামারী মোকাবিলা নিয়েই ব্যস্ত নয়, বরং এই নতুন ধরনের কৃষি সন্ত্রাসের হুমকিও তাদের জন্য বড়সড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, ফুসারিয়াম গ্রামিনিয়ারামের মতো ছত্রাক ছড়িয়ে পড়লে তা চাষের জমিকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একবার মাটিতে এই সংক্রমণ ঢুকে গেলে পরবর্তী কয়েক বছর ধরে তা উৎপাদনে প্রভাব ফেলে। অতএব, এ ঘটনায় স্পষ্ট হয়ে গেল, মহামারীর মতো জৈব সন্ত্রাসের পাশাপাশি কৃষি সন্ত্রাসও বিশ্ব নিরাপত্তার বড় হুমকি হয়ে উঠছে। করোনা আমাদের শিখিয়েছে কীভাবে একটি ভাইরাস সমগ্র সভ্যতাকে স্তব্ধ করে দিতে পারে। এখন সেই আতঙ্ক আবারও ফিরে আসছে অন্য রূপে। প্রশ্ন উঠছে, বিশ্ব প্রস্তুত তো?

-প্রতিনিধিত্বমূলক চিত্র 

আরও পড়ুন : China Bizarre Hotel Dog Companion | একাকীত্ব দূর করতে কুকুর সঙ্গী! চিনের অদ্ভুত হোটেলে অতিথিদের জন্য অভিনব ব্যবস্থা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন