শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতের ক্রিকেটে নতুন প্রতিভা মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএলে (IPL) নিজের প্রথম মৌসুমেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরানের কৃতিত্ব অর্জন করেছে এই কিশোর ব্যাটার। বয়সে অল্প হলেও ব্যাট হাতে তার পরিণত খেলা মুগ্ধ করেছে অভিজ্ঞ ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদেরও। আর এবার বৈভবকে ঘিরে উঠে এল এক মজার ঘটনা, যা ফাঁস করলেন ভারতীয় স্পিন কিং রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin)।

নিজের ইউটিউব চ্যানেলে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)-এর সঙ্গে আড্ডায় বসেছিলেন আশ্বিন। সেখানে বৈভবের প্রসঙ্গ আসতেই তিনি জানালেন, জস বাটলার (Jos Buttler) ও জফ্রা আর্চার (Jofra Archer)-এর মধ্যে একটি গোপন কথোপকথন তিনি শুনেছিলেন। আশ্বিনের ভাষায়, “আমি বাটলার আর আর্চারের মধ্যে কথোপকথন শুনছিলাম। বাটলার ওকে বলছিল, ‘নেটে ১৪ বছরের এক জনের হাতে মার খেয়ে কেমন লাগে?’ এটা শুনে আর্চার হাসছিল। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল, বৈভবের ব্যাটিং ওকে চমকে দিয়েছে।” শুধু আর্চার নন, অশ্বিন নিজেও বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ। রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর ম্যাচে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন, “আমি রাউন্ড দ্য উইকেট থেকে ওকে একটা বল করলাম, বৈভব কভারের উপর দিয়ে উড়িয়ে দিল। এরপর আমি গতি কমিয়ে দ্বিতীয় বলটা করলাম, দেখতে চাইছিলাম ও কীভাবে খেলবে। বৈভব অপেক্ষা করল, তারপর মিড অন দিয়ে মাখনের মতো সুন্দর একটি শট খেলল এবং সিঙ্গল নিল। তখন আমার মনে হয়েছিল, হায় ভগবান! এই ছেলেটা কোথা থেকে এলো?”

আশ্বিনের এই মন্তব্য থেকেই স্পষ্ট, বৈভবের মধ্যে এমন এক পরিপক্বতা আছে যা অনেক সিনিয়র ক্রিকেটারের মধ্যেও দেখা যায় না। ১৪ বছর বয়সে আইপিএলে এমন স্বচ্ছন্দ ব্যাটিং করা নিঃসন্দেহে বিরল ঘটনা। তার শট নির্বাচনের বুদ্ধিমত্তা ও চাপের মুখেও শান্ত থাকার ক্ষমতা ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।আইপিএলে এত কম বয়সে এই ধরনের পারফরম্যান্স বৈভবকে শুধু ভক্তদের নয়, ক্রিকেটের মহান তারকাদেরও নজরে নিয়ে এসেছে। আশ্বিনের মতে, এই বয়সে এমন খেলোয়াড় পাওয়া মানে ভবিষ্যতের ভারতীয় ক্রিকেট আরও উজ্জ্বল হয়ে উঠবে। আশ্বিন বলেন, “আমার মনে হয়, বৈভবের মতো খেলোয়াড় খুব কম আসে। ওর টেকনিক, ম্যাচ সেন্স আর আত্মবিশ্বাস অসাধারণ। সঠিক দিকনির্দেশনা পেলে ভারতীয় ক্রিকেট অনেক বছর ধরে এই প্রতিভার সুফল পাবে।”

উল্লেখ্য যে, বৈভবের ব্যাটিং নিয়ে জস বাটলারও আগেই প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, বৈভবের শট খেলায় যে পরিণত ভাব আছে, তা বয়সের তুলনায় অবিশ্বাস্য। নেটে কিংবা ম্যাচে, যে কোনও পরিস্থিতিতেই সে নিজের ধৈর্য বজায় রাখতে পারে। প্রসঙ্গত, আর্চারও বৈভবের বল খেলার দক্ষতায় অবাক হয়েছেন বলে শোনা যাচ্ছে। ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভা আবিষ্কার নতুন কিছু নয়, তবে বৈভব সূর্যবংশীর আলাদা জায়গা দখল করছে। অনেকেই তুলনা করছেন সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)-এর সঙ্গে। সচিনও কিশোর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ রেখেছিলেন। যদিও তুলনার সময় এখনও আসেনি, কিন্তু বৈভবের প্রতিভা যে একদিন ভারতীয় দলে বড় ভূমিকা রাখতে পারে, তা বলাই যায়। ক্রিকেট বিশ্লেষকদের মতে, বৈভবের সবচেয়ে বড় শক্তি হল তার মানসিক দৃঢ়তা। সাধারণত কম বয়সী খেলোয়াড়রা বড় মঞ্চে নার্ভাস হয়ে পড়েন, কিন্তু বৈভব যেন উল্টো। চাপের পরিস্থিতি যেন তার খেলাকে আরও ধারালো করে দেয়। রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফও তার প্রশিক্ষণ ও উন্নতির পদ্ধতিতে খুশি।
আইপিএলে প্রথম মৌসুমেই এমন সাফল্য পাওয়া সহজ নয়। বিশেষ করে যখন প্রতিপক্ষ হিসেবে বিশ্বমানের বোলারদের মুখোমুখি হতে হয়। তবুও বৈভবের ব্যাটিংয়ে কোনও ভয় বা দ্বিধার ছাপ নেই। বরং তার আত্মবিশ্বাসী খেলা প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলছে। অশ্বিনের মতো অভিজ্ঞ বোলারও বৈভবকে বল করার পর স্বীকার করেছেন, এই ছেলেটি ভবিষ্যতে বড় তারকা হবে। এখন দেখার বিষয়, এই প্রতিভাবান কিশোর আগামী দিনে কীভাবে নিজের ক্রিকেট যাত্রা এগিয়ে নিয়ে যায়। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, বৈভব সূর্যবংশী সেই সব বিরল প্রতিভাদের মধ্যে একজন হয়ে উঠবেন, যারা দেশকে বহু ম্যাচ জিতিয়ে দেবে ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Vaibhab Suryavanshi : আইপিএলের আকাশে নতুন তারা: বৈভব সূর্যবংশী




