মেধা পাল ★ সাশ্রয় নিউজ, কলকাতা : ‘গানে গানে’ মুক্তির ক’য়েক ঘণ্টার মধ্যে ট্রেন্ডিং-১। ইউটিউবে ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি মানুষ শুনেছেন গানটি। গায়ক থেকে পরিচালক হিসেবে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর প্রথম ছবি ‘সা’ (Sa) এখনও মুক্তির অপেক্ষায়। এই ছবির প্রোমোশন ও পোস্ট প্রোডাকশনের ব্যস্ততার মধ্যেই তিনি মন দিয়েছেন দ্বিতীয় ছবির প্রস্তুতিতে। শোনা যাচ্ছে, আগামী ছবি হতে চলেছে একেবারে ভিন্ন ধাঁচের, সেখানে ছোটদের জন্য রূপকথার গল্প শোনাবেন বলেই ইঙ্গিত মিলছে গায়কের ঘনিষ্ঠ সূত্র থেকে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, জুনের মাঝামাঝি সময়েই বীরভূমের (Birbhum) ইলামবাজার (Ilambazar), আউশগ্রাম (Aushgram) সহ আশেপাশের এলাকায় ভোর থেকে ঘুরে বেড়াতে দেখা যায় অরিজিৎকে। তাঁর পরনে ছিল লাল টি-শার্ট, মুখ ঢাকা গামছায়। সঙ্গে ছিলেন টিমের ক’য়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। গায়কের এমন ব্যস্ততা দেখে অনেকেই বলছেন, ‘সা’ (Sa) মুক্তির আগেই পরবর্তী ছবির কাজে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।
অরিজিৎ বা তাঁর টিম যদিও ছবির বিষয়বস্তু, গল্প ও অভিনেতাদের নাম নিয়ে এখনও কিছু বলেননি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দ্বিতীয় ছবির গল্প শিশুদের জন্য লেখা এক রূপকথার উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। অরিজিতের (Arijit Singh) প্রথম ছবির মতো এটিতেও থাকবে বাস্তব ও কল্পনার মিশেল। প্রথম ছবিতে লালু নামের এক শিশুর জীবনকথা দেখানো হয়েছে। প্রাথমিকভাবে ছবির নাম রাখা হয়েছিল ‘লালু’। সেখানেই অভিনয় করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta), অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় (Anindyapulak Bandopadhyay), শ্রীদীপ মুখোপাধ্যায় (Shrideep Mukhopadhyay) সহ একাধিক নবীন ও অভিজ্ঞ অভিনেতা। ছবির দ্বিতীয় ভাগে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)।
দ্বিতীয় ছবির শুটিং শুরুর পরিকল্পনা ছিল জুনের শেষ সপ্তাহ থেকে। কিন্তু বীরভূমে টানা বৃষ্টির জন্য বদলাতে হয়েছে সেই পরিকল্পনা। নতুন শিডিউল অনুযায়ী, সব কিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুটিং শুরু হবে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার কাজও শুরু হয়ে গেছে বলে জানা গেছে। তবে কোন এলাকায় শুটিং হবে, কতদিন ধরে চলবে, তা এখনও প্রকাশ্যে আনেননি অরিজিৎ (Arijit Singh) বা তাঁর প্রোডাকশন টিম।
‘ধূমকেতু’র (Dhumketu) প্রথম গান ‘গানে গানে’ (Gane Gane) নিয়ে দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস নতুন করে প্রমাণ করল অরিজিতের জনপ্রিয়তা। এবার দেখা যাক, পরিচালক হিসেবে তাঁর দ্বিতীয় প্রজেক্ট কেমন হয়। অনেকেই বলছেন, বক্স অফিসে নয়, নিজস্ব সৃজনশীল তাগিদেই এই ছবিগুলো বানাচ্ছেন গায়ক। এমন উদ্যোগ যে বাংলার চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করবে, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, ছোটদের পাশাপাশি বড়রাও সমানভাবে উপভোগ করতে পারবেন তাঁর আসন্ন রূপকথার ছবি। ছবির নাম, পোস্টার, ট্রেলারের আপডেট শীঘ্রই প্রকাশ হবে বলেই টিমের ঘনিষ্ঠ সূত্রের দাবি।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Arijit Singh- Ed Sheeran : গঙ্গা বক্ষ দেখল অরিজিৎ সিং ও এড শিরনের বন্ধুত্বের সুর




