কৌশিক রায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক : বলিউডের এক অনন্য অধ্যায় তৈরি হতে চলেছে বাংলার মাটিতে। গায়ক হিসেবেই নয়, বরং পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। মাস ক’য়েক ধরেই শোনা যাচ্ছিল, শান্তিনিকেতনে তাঁর পরিচালিত প্রথম সিনেমার শুটিং শুরু হয়েছে। সেই ছবিতেই নাকি দেখা যাবে বলিউডের দুই শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। বিনোদন জগতে খবরটি ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে গুঞ্জন জোরদার যে ছবিটির নাম হতে পারে ‘ভয়’। আর সেই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পঙ্কজ ত্রিপাঠী। দু’জনেই তাঁদের অভিনয়ের ক্ষমতায় বলিউডে আলাদা জায়গা তৈরি করেছেন। দর্শকের মনে প্রশ্ন জেগেছে, এ যুগলকে আবারও একসঙ্গে দেখা যাবে? জানা গেছে, নওয়াজউদ্দিন ইতিমধ্যেই বোলপুরে পৌঁছে গিয়েছেন এবং শুটিংয়ের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। পাশাপাশি শোনা যাচ্ছে, এই ছবিতে পিযূষ মিশ্রকেও (Piyush Mishra) দেখা যেতে পারে। সব মিলিয়ে কাস্টিংয়ের দিক থেকে অরিজিৎ সিং তাঁর প্রথম ছবিতে বড় চমক দিতে চলেছেন।সিনেপ্রেমীদের কাছে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে উঠছে কারণ, নওয়াজউদ্দিন ও পঙ্কজকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (Gangs of Wasseypur) ও ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-এ (Sacred Games)। সেই ম্যাজিক আবারও ফিরতে চলেছে বলিউডের পর্দায়, এটাই এখন জল্পনা।
ছবির শুটিং ঘিরে বিতর্কও কম হয়নি। সম্প্রতি শান্তিনিকেতনে শুটিং চলাকালীন গায়ক-পরিচালক অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন স্থানীয় এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা (Kamlakanta Laha)। তাঁর অভিযোগ, শুটিং সেটে যাতায়াতের সময় তাঁকে বাধা দেওয়া হয় ও দেহরক্ষীর তরফে অপ্রীতিকর ব্যবহার করা হয়। এ নিয়ে যথেষ্ট ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়ায়। স্থানীয় থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা দু’পক্ষকে ডেকে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি সামাল দেন। শেষ পর্যন্ত অরিজিৎ সিংয়ের দেহরক্ষী আকাশ সোনা (Akash Sona) অভিযোগকারীর কাছে ক্ষমা চান। যদিও এই বিতর্ক সরে গেলে ফের আলোচনায় আসে ছবির চমকপ্রদ কাস্টিং। জানা গিয়েছে, অরিজিৎ সিং নিজেও শুটিং সেটে দিনরাত সময় কাটাচ্ছেন। গান গেয়ে যিনি কোটি মানুষের মন জয় করেছেন, তিনি এবার পরিচালনার মাধ্যমে নতুন এক গল্প শোনাতে চলেছেন। অনেকেই বলছেন, পরিচালক হিসেবে অরিজিতের যাত্রা বিশেষ কিছু হতে চলেছে, কারণ তিনি বাংলা মাটিকে বেছে নিয়েছেন প্রথম ছবির শুটিংয়ের জন্য।
শান্তিনিকেতনের শিল্প-সাংস্কৃতিক আবহ যে ছবিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে, তা নিশ্চিত। স্থানীয়রাও বলছেন, এই ধরনের বড় বাজেটের বলিউড প্রোজেক্ট শান্তিনিকেতনে আরও পর্যটক আকর্ষণ করবে। একইসঙ্গে বোলপুরের মানুষের জন্যও এটি এক গর্বের মুহূর্ত। বিনোদন বিশ্লেষকরা মনে করছেন, নওয়াজউদ্দিন এবং পঙ্কজকে একই ছবিতে দেখা গেলে দর্শক নিশ্চিতভাবেই হতাশ হবেন না। তাদের মতে, “দু’জন অভিনেতাই নিজস্ব অভিনয় শৈলীতে দুর্দান্ত। যদি তাঁরা একই ফ্রেমে ধরা দেন, তাহলে ছবির মান নিঃসন্দেহে বেড়ে যাবে।” অন্যদিকে, দর্শকদের আগ্রহও এখন ছবির নাম ও গল্প নিয়ে। যদিও অরিজিৎ বা তাঁর টিম এখনই কিছু বলতে চাইছেন না। সবকিছু গোপন রেখেই তাঁরা এগোচ্ছেন। কিন্তু বিশেষ সূত্র থেকে পাওয়া ছবি ও তথ্য বলছে, বাংলার মাটিতে এবার এক ভিন্ন স্বাদের বলিউডি ছবি তৈরি হতে চলেছে।
গান থেকে সিনেমা পরিচালনায় আসা বলিউডে নতুন কিছু নয়। কিন্তু অরিজিৎ সিংয়ের ক্ষেত্রে দর্শকদের আলাদা উন্মাদনা রয়েছে। কারণ, তিনি কেবল জনপ্রিয় গায়কই নন, সকলের আবেগের সঙ্গে যুক্ত এক নামও। তাই তাঁর প্রথম পরিচালনা নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া। এখন শুধু অপেক্ষা কবে আনুষ্ঠানিকভাবে ছবির নাম, কাস্ট এবং মুক্তির তারিখ ঘোষণা করা হয়। বাংলার বুকে বলিউডের দুই তারকার উপস্থিতি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু। শান্তিনিকেতন ও বোলপুর এখন যেন এক নতুন সিনেমার শহর। দর্শকের কৌতূহল একটাই, নওয়াজউদ্দিন, পঙ্কজ এবং অরিজিতের ত্রয়ী একসঙ্গে পর্দায় কতটা জাদু সৃষ্টি করতে পারেন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Romeo movie 2025, Shahid Kapoor new movie, Tamannaah Bhatia comeback film | রোমিও : শাহিদ-তৃপ্তির সঙ্গে এবার তামান্না ভাটিয়া! বিশাল ভরদ্বাজের থ্রিলারে ত্রিকোণ টানাপোড়েন




