সাশ্রয় নিউজ ✪ নিজস্ব প্রতিবেদন, মুম্বই: তিনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ, ‘রেবেল কিড’ নামে পরিচিত অপূর্বা মুখিজা (Apoorva Mukhija)। নেটদুনিয়ায় তাঁর প্রতিটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। হাস্যরস, সামাজিক খোঁচা, ট্রেন্ডি কনটেন্ট সবকিছু মিলিয়ে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল যেন এক আকর্ষণের উৎস। তবে এবার তাঁর নাম জড়িয়ে একটি বিস্ফোরক দাবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায় একটি রিলের জন্য তিনি নেন ৬ লক্ষ টাকা! মাসে রোজগার ৭৫ লক্ষ! মোট সম্পত্তির পরিমাণ নাকি ৪১ কোটি টাকা! ওই চমকে দেওয়া পোস্টে আরও দাবি করা হয়েছে, ইনস্টাগ্রাম স্টোরির জন্য অপূর্বার নাকি চার্জ ২ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে তাঁর আয় নাকি চূড়ান্ত আকাশছোঁয়া। এমনই একটি ইনস্টাগ্রাম পেজ এই তথ্য সামনে আনে এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই নিয়ে আর চুপ থাকলেন না অপূর্বা। সেই ভাইরাল পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করে তিনি তীব্র কটাক্ষ করলেন এই দাবি নিয়ে। হিউমারের মোড়কে অপূর্বা স্পষ্ট জানিয়ে দিলেন, এই অঙ্কগুলো বাস্তবের সঙ্গে কোনও সম্পর্কই রাখে না।
তিনি বলেন, ‘আমি যদি ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক হতাম, তাহলে এখনই অবসর নিতাম। আমার পায়ের হিল জুতো থেকে শুরু করে নখ সব নকল, জামাকাপড় ভাড়া করা। ঘড়িটা বাদ দিলে আমার গায়ে দামী কিছু নেই। আর ওই ঘড়িটাও মাত্র ২০ হাজার টাকার।” তাঁর এই স্বীকারোক্তি যেন সোশ্যাল মিডিয়ার এই অন্ধ দুনিয়াকে নতুন করে আয়না দেখাল। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “যেকোনও ব্র্যান্ডকেই তো চার্জ বললেই ভয় পায়, তারা আমার প্রাপ্যটুকুও দিতে চায় না। আর এখানে বলা হচ্ছে আমি এক রিলে ৬ লক্ষ নিচ্ছি? সত্যিই হাস্যকর!”
বর্তমানে করণ জোহর (Karan Johar) সঞ্চালিত বিতর্কিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেটরস’ (The Traitors)-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন অপূর্বা। যদিও বিজয়ী হতে পারেননি, তবুও তাঁর কনটেন্টের স্বতন্ত্রতা ও ব্যক্তিত্ব দর্শকদের চোখে তাঁকে আলাদা করে তোলে। শোয়ের প্রতিটি এপিসোডে নিজের বক্তব্য ও উপস্থিতির জোরে তিনি নজর কেড়েছেন। অপূর্বার বক্তব্যে উঠে এসেছে বাস্তব জীবনের সঙ্গে সোশ্যাল মিডিয়া ইমেজের তফাত। যেখান থেকে বোঝা যায়, অনলাইন জনপ্রিয়তা মানেই আকাশছোঁয়া সম্পদ নয়।
সেই রঙিন কনটেন্টের আড়ালে কতটা মেকি বাস্তব, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি নিজেই। তিনি বলেন, “ভিউ, ফলোয়ার, লাইক এই সব দিয়ে সত্যিকারের জীবন চলে না। সত্যিকারের জীবন চলে হিউমিলিটি দিয়ে, নিজের কাজের প্রতি দায়িত্ব নিয়ে।”
অপূর্বা মুখিজা (Apoorva Mukhija) বর্তমানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ড-সেটার মুখ। তবে এই ঘটনা প্রমাণ করে দেয়, ভাইরাল তথ্য সবসময় সত্য নয়, আর জনপ্রিয়তা মানেই বিশাল সম্পদ, এই ধারণা বাস্তবতা থেকে কত দূরে।
এই ঘটনায় নেটিজেনদের একাংশও অপূর্বার পক্ষে মুখ খুলেছেন। কেউ লিখেছেন, “এইজন্যই অপূর্বা আলাদা। সৎ, স্পষ্টভাষী, এবং প্রাসঙ্গিক।” আবার কেউ লিখেছেন, “রিল লাইফ আর রিয়েল লাইফ এক নয়, এই শিক্ষা আমাদের সকলেরই নেওয়া উচিত।” অপূর্বা মুখিজার স্পষ্ট প্রতিক্রিয়া প্রমাণ করে দেয়, মেকআপে ঢেকে রাখা বাস্তব জীবনের গল্পই অনেক বেশি গুরুত্বপূর্ণ। রঙিন রিলের পেছনে লুকিয়ে থাকে সাধারন জীবনের লড়াই, সংযম আর মাটির টান।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kajol : মা কাঁদলে ব্যথা পায় সন্তান, তাই মায়ের ছবি পছন্দ নয় নাইসা-যুগের




