সাশ্রয় নিউজ ✪ মুম্বাই: বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) জীবনে নেমে এসেছে বড়সড় আঘাত। দিনের পর দিন বিশ্বাস করে যে মানুষটিকে নিজের পাশে রেখেছিলেন, সেই বেদিকা শেট্টি (Bedika Shetty) করে বসলেন চরম বিশ্বাসঘাতকতা। আলিয়ার প্রাক্তন সেক্রেটারি বেদিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিনেত্রীর সই নকল করে প্রায় ৭৬ লাখ ৯০ হাজার ৮৯২ টাকা তছরুপ করেছেন।
সূত্রের খবর, আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড (Eternal Sunshine Productions Pvt Ltd) ও তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এই টাকা সরানো হয়েছে। ইটারনাল সানশাইনের কর্ণধার আলিয়ার মা সোনি রাজদান (Soni Razdan)। তিনিই প্রথম এমন অনিয়মের ইঙ্গিত পান ও খতিয়ে দেখেন। কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, আলিয়ার (Alia Bhatt) সই নকল করে বিভিন্ন সময়ে এই বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। পুলিশ সূত্রে উল্লেখ, তদন্তে উঠে এসেছে, গত দু’বছর ধরে অত্যন্ত নিখুঁতভাবে এই তছরুপ চালিয়ে যাচ্ছিলেন বেদিকা। আলিয়ার ব্যস্ত শিডিউলের কারণে প্রোডাকশন হাউসের সমস্ত ফিনান্সিয়াল ফাইল ও গুরুত্বপূর্ণ নথি সামলাতেন বেদিকা শেট্টি (Bedika Shetty)। সেই সুযোগই তিনি কাজে লাগিয়েছেন। প্রযোজনা সংস্থার একাধিক পেমেন্টে অভিনেত্রীর সই নকল করে নিজের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করেন। এমনকী আলিয়ার (Alia Bhatt) পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও টাকা সরানো হয় বলে অভিযোগ।
এই ঘটনায় আলিয়ার মা সোনি রাজদান (Soni Razdan) সরাসরি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুতে (Bengaluru) গ্রেফতার করা হয়েছে বেদিকা শেট্টিকে। পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে মুম্বইয়ে (Mumbai) আনা হয়েছে। মঙ্গলবার বেদিকাকে আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আলিয়ার পরিবার এই ঘটনায় স্তম্ভিত। কারণ বেদিকা শুধু একজন সেক্রেটারি ছিলেন না, আলিয়ার (Alia Bhatt) প্রতিদিনের শিডিউল থেকে শুরু করে প্রোডাকশন সংক্রান্ত কাজ, সব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এমনকী আলিয়ার ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন। আলিয়ার পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বেদিকা ছিলেন পরিবারের মতো। এতবড় প্রতারণা যে তিনি করবেন, তা কেউ কল্পনাও করতে পারেনি।”
এখনও পর্যন্ত আলিয়া ভাট (Alia Bhatt) এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে বলিউডে (Bollywood) শোরগোল পড়ে গিয়েছে। কীভাবে এতদিন ধরে সই নকল করে টাকা তছরুপ করা হল, সে প্রশ্ন উঠছে। আবার অনেকেই বলছেন, সেক্রেটারির উপর অতিরিক্ত নির্ভরশীলতাই এই সমস্যার কারণ। অন্যদিকে, আইনজীবীরা জানিয়েছেন, বেদিকা শেট্টি (Bedika Shetty)-র বিরুদ্ধে IPC-র একাধিক ধারা প্রযোজ্য হতে পারে। জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার ধারায় মামলা চলবে। যদি দোষ প্রমাণিত হয়, তাহলে দীর্ঘ মেয়াদে সাজা হতে পারে তাঁর। এখন দেখার বিষয়, অভিনেত্রী আলিয়া (Alia Bhatt) কবে এই বিষয়ে মুখ খুলবেন। ব্যক্তিগত বিশ্বাসভঙ্গের ক্ষত সামলে কীভাবে পেশাদার দিক সামলান তিনি, তা নিয়েই চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। কারণ একসময় যাকে ‘ঘরের মানুষ’ ভাবতেন, সেই প্রাক্তন সেক্রেটারির এমন প্রতারণা আলিয়ার জন্য মানসিকভাবেও বড় ধাক্কা।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Chingri Kalia Recipe | চিংড়ি মাছের কালিয়া : রুই নয়, আজ ঘরেই উপভোগ করুন এই ৫ মিনিটের রাজকীয় স্বাদ




