Aishwarya Rai Bachchan Bollywood statement | বলিউডের অন্দরমহল নিয়ে ঐশ্বর্যের বিস্ফোরক মন্তব্য, চর্চার কেন্দ্রে পুরনো আক্ষেপ

SHARE:

সূর্য মিত্র, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকে একাধিক অপ্রকাশিত সত্য। সাফল্যের আড়ালে প্রতিযোগিতা, হিংসা, কিংবা অদৃশ্য চাপের কথা প্রায়শই শোনা যায়। সেই নিয়েই একসময় সরাসরি মন্তব্য করেছিলেন বলিউড সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তাঁর সাফ বক্তব্যে উঠে এসেছিল ইন্ডাস্ট্রির এক বিতর্কিত চিত্র। আর সেই মন্তব্য মুহূর্তেই তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। ঐশ্বর্যের মতে, বলিউডের অন্দরমহলে এক অদ্ভুত মানসিকতা কাজ করে, ‘ক্র্যাব মেন্টালিটি’। একে অপরকে পিছনে টেনে ধরা বা কেউ ভিন্ন পথে কিছু করতে চাইলে তাঁকে আটকে দেওয়ার চেষ্টা, এটাই নাকি প্রচলিত সংস্কৃতি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এখানে নতুন করে কিছু করার ইচ্ছেটাই অনেক সময় নিরুৎসাহিত করা হয়। প্রত্যাশা থাকে সবাই যেন একই ঘেরাটোপে থেকে কাজ করে। তাঁর মতে, এই ধরণের মানসিকতা সৃজনশীলতার জন্য বড় বাধা।

ঐশ্বর্য রাই বচ্চন। ছবি : সংগৃহীত

ঐশ্বর্যের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছিল, বলিউডে ছকভাঙা কাজ কি তবে অন্যায়? ঐশ্বর্য নিজেও সেই সময়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। অনেকেই তাঁর মন্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করেছিলেন। কিন্তু সত্যিই কি তাঁর কথার আড়ালে লুকিয়ে নেই ইন্ডাস্ট্রির কদর্য দিক? সমালোচনার ঝড় থামলেও আলোচনার কেন্দ্রে রয়ে গিয়েছিল ঐশ্বর্যের খোলাখুলি আক্ষেপ। তিনি আরও বলেছিলেন, বলিউডে কাজের ধরন তাঁকে কখনও কখনও অস্বস্তিতে ফেলেছে। তবে তাঁর কেরিয়ার নিয়ে হতাশার জায়গা ছিল না। “আমি এই ইন্ডাস্ট্রিতে থাকতে পেরে খুশি। সিনেমা ফ্লপ হলে সেটা আমার জন্য পৃথিবীর শেষ নয়,” মন্তব্য করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তাঁর বিশ্বাস, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগটাই আসল পাওয়া।

উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। হাম দিল দে চুকে সনম, দেবদাস, জোধা আকবর কিংবা গুরু, প্রতিটি ছবিই তাঁকে দর্শকদের কাছে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তবে মাতৃত্বের পর তিনি অনেকটাই সরে দাঁড়ান বলিউডের মূল প্রবাহ থেকে। একাধিক অফার এলেও তিনি বেছে বেছে কাজ করার পথই গ্রহণ করেছিলেন। আজও দর্শকেরা তাঁর কামব্যাকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সূত্রের খবর, শুধু মাতৃত্ব নয়, বচ্চন পরিবার (Bachchan Family) -এর কিছু নির্দিষ্ট নিয়মও ঐশ্বর্যের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন ছিল, ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্বের কারণে তিনি নিজের কেরিয়ারে খানিকটা দূরত্ব আনেন। যদিও অভিষেক বচ্চন (Abhishek Bachchan) প্রকাশ্যে বারবার বলেছেন, তিনি চান ঐশ্বর্য আরও ভাল ছবি করুন এবং নিজের প্রতিভা সঠিকভাবে ব্যবহার করুন।

অন্যদিকে, ঐশ্বর্যের এই খোলামেলা মতামত আবারও প্রমাণ করে, বলিউড শুধু ঝলমলে রূপালি পর্দার গল্প নয়। এর আড়ালে রয়েছে প্রতিযোগিতা, হিংসা আর অস্বীকারযোগ্য চাপের গল্প। একজন সুপারস্টার নায়িকা হিসেবে তাঁর অভিজ্ঞতা হয়তো অনেক তরুণ শিল্পীর জন্য এক বাস্তব শিক্ষা। তাঁকে ঘিরে বিতর্ক যতই থাকুক, বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবেই তিনি আজও দর্শকের মনে জায়গা করে আছেন।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sneha Ullal | ঐশ্বর্যর ছায়া থেকে নিজের আলাদা পরিচয়, ভাইজানের ‘নকল রাই’ স্নেহা কি ফিরছেন রুপালি পর্দায়?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন