Aamir Khan Mahabharata Movie | ‘মহাভারত’ নিয়ে স্বপ্ন ও শঙ্কার দ্বন্দ্ব: কেন এখনও বড় পর্দায় মহাকাব্য আনতে ভয় পাচ্ছেন আমির খান?

SHARE:

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan) দীর্ঘদিন ধরেই একটি স্বপ্ন লালন করে চলেছেন যে, ভারতীয় মহাকাব্য ‘মহাভারত’ (Mahabharata) বড় পর্দায় তুলে ধরা। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের পথে পা বাড়াতে গিয়ে বারবার থমকে যাচ্ছেন। কারণ, তাঁর কাছে ‘মহাভারত’ কোনও সাধারণ সিনেমা নয়, এটি বিশাল সাংস্কৃতিক ও নৈতিক দায়িত্ব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মনের দ্বিধা, ভয় এবং দায়বদ্ধতার কথা অকপটে তুলে ধরেছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা-প্রযোজক।

আরও পড়ুন : Priyanka Chopra birthday, Priyanka Nick romantic photos | প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে সাহসী রূপ, আটলান্টিকের বুকে নিক -এর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে মজলেন দেশি গার্ল

সিএনএন-নিউজ ১৮-কে (CNN-News18) দেওয়া সাক্ষাৎকারে আমির জানান, ‘মহাভারত তৈরি করা আমার বহুদিনের স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন পূরণের সঙ্গে জড়িয়ে আছে গভীর দায়িত্ববোধ। ভারতীয় সংস্কৃতি, দর্শন এবং মূল্যবোধের সঙ্গে এই কাহিনি এমনভাবে জড়িয়ে আছে যে, সামান্য ভুলও ক্ষমার অযোগ্য হতে পারে।’ তাঁর মতে, এই মহাকাব্য কেবল একটি গল্প নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের বিশ্বাস, নৈতিকতা ও জীবনবোধ গড়ে দিয়েছে।

আমির খান। ছবি : সংগৃহীত

আমির খান মনে করেন, ‘মহাভারত’-এর প্রতি মানুষের আবেগ এতটাই গভীর যে, কোনও নির্মাতার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা বাণিজ্যিক চিন্তা এখানে প্রাধান্য পেতে পারে না। তিনি বলেন, ‘এমন কোনও ভারতীয় নেই, যিনি ভগবদ্গীতা (Bhagavad Gita) পড়েননি বা অন্তত ঠাকুরমার মুখে মহাভারতের গল্প শোনেননি। এই কাহিনি আমাদের রক্তে মিশে আছে। তাই এর সঙ্গে কাজ করতে গেলে শতভাগ সততা আর শ্রদ্ধা প্রয়োজন।’ এই কারণেই ‘মহাভারত’ নির্মাণ নিয়ে ভয় পাচ্ছেন আমির। তাঁর কথায়, ‘আমি প্রায়ই বলি, আপনি মহাভারতকে হতাশ করতে পারেন, কিন্তু মহাভারত আপনাকে কখনও হতাশ করবে না। আপনি যদি ভুল করেন, তবেই এই অমর কাহিনির অসম্মান হবে। আমি চাই না, আমার কোনও সিদ্ধান্ত বা ত্রুটির কারণে মানুষ আঘাত পান।’ এই বক্তব্যেই সাফ জবাব, কেন এত বছর ধরে এই প্রকল্পের কথা ভাবলেও বাস্তবে কাজ শুরু করতে পারেননি আমির।
বিশ্ব চলচ্চিত্রের নিরিখে ‘মহাভারত’ -এর গুরুত্বও তুলে ধরেছেন আমির খান। ‘লর্ড অফ দ্য রিংস’ (The Lord of the Rings) বা ‘অবতার’ (Avatar) -এর মতো হলিউড ফ্র্যাঞ্চাইজির উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্ববাসী ইতিমধ্যেই অনেক বড় মাপের ফ্যান্টাসি ও মহাকাব্যিক সিনেমা দেখেছে। কিন্তু মহাভারত সব গল্পের মা। এতে আছে যুদ্ধ, প্রেম, বিশ্বাসঘাতকতা, নীতি, ধর্ম আর মানবিক দ্বন্দ্ব, সবকিছু। যদি এটি সঠিকভাবে তৈরি করা যায়, তবে তা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের কাছে অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।’

আরও পড়ুন : Sreeleela | ২১ বছরেই মাতৃত্বের সিদ্ধান্ত, আড়ালে তিন কন্যাসন্তান, ‘পুষ্পা’-খ্যাত শ্রীলীলার মানবিক যাত্রা

কিন্তু, সেটি সঠিকভাবে তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমিরের মতে, এই প্রকল্পে সময়, গবেষণা এবং সৃজনশীলতার কোনও ঘাটতি রাখা চলবে না। তিনি জানান, ‘আমি তাড়াহুড়ো করতে চাই না। এমন একটা কাজ করতে চাই, যাতে প্রত্যেক ভারতীয় গর্ব করে বলতে পারেন, এটা আমাদের সংস্কৃতির যোগ্য উপস্থাপনা।’ এই কারণেই তিনি বছরের পর বছর ধরে বিষয়টি নিয়ে ভাবছেন, পরিকল্পনা করছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছচ্ছেন না। উল্লেখ্য যে, বর্তমানে আমির খান ব্যস্ত রয়েছেন পরিচালক রাজকুমার হিরানি -এর (Rajkumar Hirani) সঙ্গে দাদাসাহেব ফালকের (Dadasaheb Phalke) বায়োপিক নিয়ে। এই বায়োপিক নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। এর আগেও বিভিন্ন সময়ে আমির ইঙ্গিত দিয়েছিলেন, ‘মহাভারত’ হয়তো তাঁর দীর্ঘ অভিনয় জীবনের শেষ বড় কাজ হতে পারে। ২০২৫ সালের একটি আড্ডায় তিনি বলেছিলেন, ‘হয়ত এই কাজটি করার পর আমার মনে হবে, আর কিছুই করার বাকি নেই।’ এই মন্তব্য থেকেই বোঝা যায়, ‘মহাভারত’ তাঁর কাছে কতটা ব্যক্তিগত ও আবেগঘন একটি স্বপ্ন। তবে, বলিউডে যেখানে বাণিজ্যিক সাফল্য অনেক সময় সৃজনশীলতার ওপর প্রাধান্য পায়, সেখানে আমির খান বরাবরই ব্যতিক্রম। ‘লগান’ (Lagaan), ‘তারে জমিন পর’ (Taare Zameen Par), ‘দঙ্গল’ (Dangal)-এর মতো ছবিতে তিনি দেখিয়েছেন, কীভাবে বিনোদনের সঙ্গে সামাজিক বার্তা ও দায়বদ্ধতা মিশিয়ে দেওয়া যায়। সেই অভিজ্ঞতাই হয়তো তাঁকে আরও সতর্ক করে তুলেছে ‘মহাভারত’ -এর মতো এক মহাকাব্য নিয়ে কাজ করার ক্ষেত্রে।

আরও পড়ুন : Ira Khan interview, Aamir Khan | অবসাদ, শরীরী কটাক্ষ আর জার্মানির উপবাস থেরাপি, ইরার মুখে ফাঁস আমির খানের অজানা লড়াই

সমালোচকদের একাংশ মনে করেন, আমির যদি সত্যিই এই কাজে হাত দেন, তবে তা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক হয়ে উঠতে পারে। আবার অনেকে বলেন, এত বড় ক্যানভাসে কাজ করতে গেলে শুধু একজন অভিনেতা বা পরিচালক নয়, পুরো একটি সৃজনশীল বাহিনীকে একসূত্রে বাঁধতে হবে। আমির নিজেও সে কথা স্বীকার করেন। তাঁর মতে, ‘এটা একার লড়াই নয়। এখানে প্রয়োজন সঠিক টিম, সঠিক দৃষ্টিভঙ্গি আর অগাধ ধৈর্য।’ বি-টাউনের বড় অংশের সমালোচকরা অবশ্য মনে করছেন, ‘মহাভারত’ নিয়ে আমির খানের স্বপ্ন যেমন বিশাল, তেমনই তাঁর ভয়ও গভীর। এই ভয় আসলে দায়িত্ব পালনে কোনও খামতি রেখে যাওয়ার আশঙ্কা। এখন প্রশ্ন একটাই যে, কবে সেই ভয়কে জয় করে রুপোলি পর্দায় প্রাণ পাবে আমির খানের স্বপ্নের ‘মহাভারত’? ভারতীয় সিনেমাপ্রেমীরা সেই দিনের অপেক্ষাতেই রইলেন।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Golden Globe | জর্জ ক্লুনি-জুলিয়া রবার্টসদের সঙ্গে একই সারিতে প্রিয়াঙ্কা চোপড়া, গোল্ডেন গ্লোব ঘিরে উন্মাদনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন